স্বাধীনতা দিবসে'পরাধীন' ভারত!

এ পর্যন্ত টেস্টে এক ইনিংসে ভারত ১০০-এর নিচে অলআউট হয়েছে ২৩ বার। এর মধ্যে সবচেয়ে বেশিবার (আটবার) অলআউট হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে ভারতের সর্বনিম্ন রান ৪২—সেটিও ইংল্যান্ডের বিপক্ষে। আজ যখন ওভালে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামল মহেন্দ্র সিং ধোনির দল, তখন ভারতে উদযাপিত হচ্ছে ৬৭তম স্বাধীনতা দিবস। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়া ভারত ক্রিকেটে ধুঁকল সেই ইংল্যান্ডের বিপক্ষেই। ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট ১৪৮ রানে।
ভারতের একটি পত্রিকায় এ প্রসঙ্গে শিরোনাম করা হয়েছে—‘স্বাধীনতা দিবসে ক্রিকেট-পরাধীনতায় ফিরে যাওয়ার অশনি সংকেত’। ওভাল টেস্টের প্রথম দিনে সে ইঙ্গিতই পাওয়া গেল! মধ্যাহ্ন বিরতির আগে ৪৩ রান তুলতে নেই ৫ উইকেট। অসহায় আত্মসমর্পণ করে ফিরে গেছে টপ অর্ডারের সবাই। ৯০ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার ১০০ রানের নিচে অলআউট হওয়া ঠেকাল মূলত ধোনি-ইশান্ত শর্মার ১০ম উইকেট জুটিতে তোলা ৫৮ রান। ভারতের ১০০ রান পার হতেই দর্শকের সে কী করতালি!
ধোনি একাই লড়াই চালালেন অনেকক্ষণ। দেশের বাইরে প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন ভারত অধিনায়ক। স্টুয়ার্ট ব্রডের বলে ফেরার আগে করলেন সর্বোচ্চ ৮২। ইংলিশ বোলাদের মধ্যে সবচেয়ে সফল কিন্তু বহুল ‘আলোচিত’ মঈন আলী নন! বরং দুই পেসার—দুই ক্রিস—জর্ডান ও ওকস, নিয়েছেন সর্বোচ্চ তিনটি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৬২। এখনো পিছিয়ে ৮৬ রানে।
ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতা। এর ওপর এবার লর্ডস টেস্টে ভারতের ঐতিহাসিক জয়। ধোনির দলের জন্য দারুণ এক সুযোগ এসেছিল সিরিজ জয়ের। কিন্তু হলো তার বিপরীত। লর্ডসে জেতার পর ধোনিদের যেখানে মানসিকভাবে চাঙ্গা থাকার কথা, সেখানে তারা মধ্য সমুদ্রে আকস্মিকভাবে পথ হারিয়ে ফেলা রণতরি! ইংলিশরা এমনভাবে চেপে ধরল ভারতকে, যেন ‘পালাবার পথ নেই’!
এরই মধ্যে ধোনি ঠাঁই করে নিয়েছেন এক লজ্জার ইতিহাসে। ১৩ ম্যাচ হেরে বিদেশে সবচেয়ে বেশি ম্যাচ হারা ভারত অধিনায়ক তিনি। ভারতের অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে একমাত্র সফল সৌরভ গাঙ্গুলি। জিতেছেন ১১ টেস্ট। সৌরভ-যুগে বিদেশের মাটিতে ভারতের পরাধীনতা অনেকটাই ঘুঁচেছিল। কিন্তু সেই অন্ধকার ছায়া যেন আবার ফিরে এসেছে ধোনির নেতৃত্বে।
ভারতের সংবাদমাধ্যমে তা-ই প্রশ্ন, এরপরও কেন ধোনির নেতৃত্ব বহাল রয়েছে? দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড—পর পর তিনটি সিরিজে ভারতের করুণ দশার পরও ধোনির নেতৃত্ব নিয়ে কেন ভাবনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের? কয়েক মাস আগে কয়েকজন সাবেক অধিনায়কের পরামর্শ ছিল, আগামী বিশ্বকাপ পর্যন্ত ধোনি অধিনায়ক থাকতে পারে, তবে সাদাপোশাকে তাঁর নেতৃত্ব থেকে সরে আসার সময় এসেছে।
ওভাল টেস্ট জিতলে সিরিজটা হয়তো বাঁচানো যাবে। নয়তো বিদেশের মাটিতে ভারতের ধারাবাহিক নাকাল হওয়ার তালিকায় যোগ হবে আরও একটি সিরিজ। কিন্তু প্রথম দিনেই ধোনি-ব্রিগেডের যে ত্রাহি দশা, তাতে টেস্ট জয়ের সম্ভাবনা সুদূর পরাহতই বটে।