স্বামী মাঠে খারাপ খেলছেন, বাইরে স্ত্রী পেলেন যৌন হয়রানির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারন ফিঞ্চ ও তাঁর স্ত্রী এমি ফিঞ্চ

সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। বিগ ব্যাশে রান পাননি। আইপিএলের নিলামে কোনো দল তাঁকে নেয়নি।

সেটি নিয়ে আলোচনাও কম হয়নি। এরপর নিউজিল্যান্ড সফরে প্রথম দুই ম্যাচেও চেনা ফিঞ্চকে দেখা যায়নি। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ১২ রান। দলও হেরেছে। আর এক ম্যাচ হারলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সমর্থকেরা ততক্ষণ অপেক্ষা করেননি। ফিঞ্চের পারফরম্যান্সে হতাশ হয়ে তাঁর স্ত্রী এমি ফিঞ্চকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও যৌন নির্যাতনের হুমকি দিয়েছেন অস্ট্রেলীয় সমর্থকেরা। পরে বিষয়টি খোলাসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ফিঞ্চের স্ত্রী।

সেখানে তিনি লিখেছেন, ‘একবার ভেবেছিলাম, এসব মানুষের বাজে কথার জবাব দিয়ে তাদের পাত্তা পাওয়ার সন্তুষ্টি দেওয়া ঠিক হবে না। কিন্তু এই ধরনের বাজে ঘটনা নিয়মিত হয়। আমি এসব পাত্তা দিই না। আমার স্বামীও দেয় না। ও সবকিছু দিয়ে চেষ্টা করছে রানে ফেরার। সত্যি কথা বলতে, কি-বোর্ড যোদ্ধাদের এসব ছেড়ে জীবন নিয়ে ভাবা উচিত। এটা কিন্তু কিছুই না। কারণ, এর চেয়েও বাজে আচরণ আমি পেয়েছি। যথেষ্ট হয়েছে।’

এ ধরনের মন্তব্যের সঙ্গে একদমই অপরিচিত নন এমি ফিঞ্চ। কিন্তু সম্প্রতি মাত্রা বেড়ে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি, ‘আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমি এসব সাধারণত পাত্তা দিই না। কিন্তু সম্প্রতি সরাসরি সহিংসতা ও যৌন নির্যাতনের হুমকি আসছে। একটা পর্যায়ে এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হবে। কেউ ক্রিকেটের ভক্ত হলে এমন শব্দ ব্যবহার করতে পারে না। না হলে নিজেকে ভক্ত হিসেবে দাবি করা উচিত না।’

গত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে ফিঞ্চের ব্যাট থেকে এসেছে মাত্র ৪৯৫ রান, ১৭.০৬ গড়ে রান করছেন অস্ট্রেলীয় ওপেনার। এই ২৯ ম্যাচের বেশির ভাগই আইপিএল ও বিগ ব্যাশে খেলেছেন।

সাম্প্রতিক বাজে ফর্মের কারণেই আইপিএলেও এবার দল পেলেন না এই অস্ট্রেলিয়ান ওপেনার। অথচ গত আইপিএলে বেশ হইচই করেই ফিঞ্চকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কিন্তু এক মৌসুমের ব্যর্থতার পর ফিঞ্চকে ছেড়ে দেয় বিরাট কোহলির দল। এরপর এবার দলই পেলেন না! আইপিএলে অবশ্য ফিঞ্চের যে খুব সুখস্মৃতি আছে, তা নয়। ১০ বছর ধরে আইপিএল খেলছেন, এর মধ্যে খেলেছেন ৬টি দলে। থিতু হতে পারেননি কোনো দলেই।