স্বার্থপর ক্রিকেটারদের পাকিস্তান দলের আশেপাশেও আসতে দেবেন না আর্থার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিকি আর্থার: শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেবেন না পাকিস্তানের নতুন কোচ
মিকি আর্থার: শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেবেন না পাকিস্তানের নতুন কোচ

শৃঙ্খলার ব্যাপারে তিনি যে একেবারে কড়া হেডমাস্টারের মতো, সেটা অজানা নয়। আর শৃঙ্খলাভঙ্গের জন্য বিশ্ব ক্রিকেটে বেশ ‘খ্যাতি’ আছে পাকিস্তান দলের। তো সেই কড়া হেডমাস্টার মিকি আর্থার এখন পাকিস্তান দলের কোচ। কেমন হবে এই যুগলবন্দী?

দেখার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। জুলাইয়ে ইংল্যান্ড সফর সামনে রেখে কয়েক দিনের মধ্যেই দলের দায়িত্ব নেবেন আর্থার। তবে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেওয়ার আগেই টেলিফোনে পাকিস্তানি একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছেন তাঁর খেলোয়াড়দের কাছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবেন না তিনি, স্বার্থপর খেলোয়াড়দেরও জায়গা হবে না তাঁর দলে।
জাতীয় দলের কোচ হিসেবে এটি আর্থারের তৃতীয় মিশন। এর আগে নিজের দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত। পরে অস্ট্রেলিয়ার কোচও হয়েছিলেন, তবে টিকেছিলেন মাত্র ১৯ মাস। ওই সময়েই ২০১৩ ভারত সফরে ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ান অনেক খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কটা শীতল হয়ে পড়েছিল। আর্থারের কড়া শাসন পছন্দ হচ্ছিল না অনেক খেলোয়াড়ের। তবে শৃঙ্খলার ব্যাপারে আর্থার যে তাঁর অবস্থান থেকে একটুও সরে যাননি, সেটি বোঝা যাবে পাকিস্তানের কোচ হওয়ার পর তাঁর কথায়, ‘আমি শৃঙ্খলার ব্যাপারে খুব কঠোরই থাকব। ওভাবেই আমরা ভালো করব এবং ভালো ফল আসবে।’
নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে পাকিস্তানি ক্রিকেটারদের কখনোই সুনাম ছিল না। কদিন আগেই ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপে আম্পায়ারিংয়ের সমালোচনা করে এবং মাঝপথে টুর্নামেন্ট বয়কট করে জরিমানা গুনেছেন সাবেক অধিনায়ক ইউনিস খান। পরে তাঁকে ক্ষমাও চাইতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। একই টুর্নামেন্টে একটা ম্যাচের সময় রাগে ড্রেসিংরুমের কাচ ভেঙেছেন আহমেদ শেহজাদ, তরুণ খেলোয়াড়দের নিয়ে মঞ্চনাটক দেখতে গিয়ে ঝামেলা করে সমালোচিত হয়েছেন উমর আকমল। তবে তাঁর অধীনে খেলতে হলে যে এসব করা যাবে না, সেই সতর্কবার্তা আগাম দিয়ে রাখলেন মিকি আর্থার। খেলোয়াড়দের সীমারেখার মধ্যে থাকতে হবে এবং সঠিক মূল্যবোধ ধরে রাখতে হবে উল্লেখ করে বলেছেন, ‘আমি চাই, সবাই দলের জন্য খেলা শুরু করুক। কোনো স্বার্থপর খেলোয়াড়কে আমি দলের আশপাশেও দেখতে চাই না।’
জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর। আর্থারের শুরুটাই হচ্ছে তাই কঠিন চ্যালেঞ্জ দিয়ে। তিনি নিজেও তা মানছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের জন্য ওই কন্ডিশন সহজ হবে না। তবে আমি চাই, তারা ওই চ্যালেঞ্জের জন্য তৈরি থাকুক। অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি খেলোয়াড়েরা উন্নতি করতে পারে, তাহলে বুঝব আমি আমার কাজটা ঠিকঠাক করছি।’ ক্রিকইনফো।