স্বার্থপর হতে চাননি ম্যাককালাম

টেস্টে ছক্কা মারার গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করেছেন ছক্কার সেঞ্চুরি। গতকাল ডানেডিনে রেকর্ড ছুঁয়েই ইনিংস ঘোষণা করে দিয়েছেন কিউই অধিনায়ক। চাইলেই তো রেকর্ডটি শুধুই তাঁর করে নেওয়ার একটা চেষ্টা করতে পারতেন। করেননি কেন? তাঁকে যেন কেউ স্বার্থপর মনে না করে!
পরে ক্রাইস্টচার্চে চলে গেলেও ডানেডিনেই জন্ম ম্যাককালামের। সেই ডানেডিনেই টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে চেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ইনিংসটা ছোটই ছিল—৬ বলে ১৭। ছোট্ট ওই ঝড়ের মধ্যেই ছিল দুটি ছক্কা। এই দুই ছক্কাতেই হয়ে গেল ‘সেঞ্চুরি’। বসে গেলেন গিলক্রিস্টের পাশে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিলেন। অথচ হাতে ছিল অঢেল সময়, আরেকটা ছক্কা মারার চেষ্টা তো করতেই পারতেন। কেন করলেন না? কারণটি জানালেন ম্যাচ শেষে, ‘আমি সবাইকে বলেছিলাম ৪০০ রানের লিডই যথেষ্ট। লিড পেয়ে যাওয়ার পর শুধু নিজের রেকর্ডের জন্য ব্যাটিং করাটা স্বার্থপরের মতো হয়ে যেত।’
ছক্কার রেকর্ডটি যে তাঁর কাছে আলাদা মূল্য পাচ্ছে, সেটিও বলেছেন অকপটে, ‘একমাত্র এই রেকর্ডটিকেই আমি মূল্য দিই। বেশ কিছুদিন ধরেই এটা আমার মাথায় ছিল, আমার পুরো ক্যারিয়ারের ব্যাটিং দেখলেই তা বুঝতে পারার কথা।’
একটু মজাও করলেন এ নিয়ে, ‘এটাই বোধ হয় একমাত্র রেকর্ড যেটি কেন (উইলিয়ামসন) বা রস (টেলর) ভাঙতে পারবে না। সুতরাং রেকর্ডটি আমি ধরে রাখত পারব বলেই আশা করছি।’
৯৮ টেস্ট খেলে ১০০টি ছক্কা মেরেছেন ম্যাককালাম, আর অ্যাডাম গিলক্রিস্ট মেরেছিলেন ৯৬ টেস্টে। পরের টেস্টেই হয়তো রেকর্ডটি শুধুই নিজের করে নেবেন ম্যাককালাম। টেলর কিংবা উইলিয়ামসন হয়তো হুমকি নন, তবে নিজের দলেই কিন্তু আরও একজন আছেন। কিউই পেসার টিম সাউদি ৪৫ টেস্টেই ৫৫টি ছক্কা মেরে ভালোই এগোচ্ছেন। সূত্র: এএফপি।