স্বীকৃতি পাচ্ছে প্যাকারের সিরিজ
কাল থেকে নতুন দিগন্তে পা রাখছে টেস্ট ক্রিকেট। অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে ইতিহাসের প্রথম দিবারাত্রি টেস্ট। এই যুগসন্ধিক্ষণে এসেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) স্মরণ করল দিবারাত্রির ক্রিকেটের পথিকৃৎ কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটকে। ১৯৭০-এর দশকে ক্রিকেট-দুনিয়ায় হইচই ফেলা ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএ।
সিএর রেকর্ডপত্রে এখন যোগ হবে ওয়ার্ল্ড সিরিজের পরিসংখ্যান। ওই সিরিজে অংশ নেওয়া অস্ট্রেলীয় ক্রিকেটারদের ক্যারিয়ার পরিসংখ্যানে আলাদা কলামে যোগ করা হবে ওয়ার্ল্ড সিরিজের রেকর্ড। ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া অন্য দেশের ক্রিকেটারদের রেকর্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য নিজ নিজ বোর্ডকে অনুরোধও করেছে সিএ।
১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯ মৌসুমে দিবারাত্রির ‘সুপার টেস্ট’ ও রঙিন পোশাকের ওয়ানডে ক্রিকেটের আয়োজন করে আলোড়ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার ‘মিডিয়া মোগল’ কেরি প্যাকার, বিশ্বসেরা ক্রিকেটারদের মেলা বসেছিল অস্ট্রেলিয়ায়। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সেই সময়ে স্বীকৃতি তো দেয়ইনি, ৩৮ বছর ধরে এমন ভান করে এসেছে যেন ওয়ার্ল্ড সিরিজ নামে কিছু ছিলই না! ক্রিকইনফো, এসএমএইচ।