স্মরণীয় দিনে নতুন লক্ষ্য

১০ নভেম্বর। নূর হোসেন দিবস। দেশের গণতন্ত্রের অভিযাত্রায় স্মরণীয় দিন। আর ২০০০ সাল থেকে দিনটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য স্মরণীয়। এই দিনেই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দশম দল হিসেবে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের।
দীর্ঘ ১৪ বছরের পথচলায় অর্জন সামান্যই। তাই মাঝেমধ্যে টেস্টের ভুবনে বাংলাদেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নিন্দুকেরা। এ অবস্থায় জিম্বাবুয়ের সঙ্গে চলমান সিরিজ জয়, টেস্ট র্যাঙ্কিংয়ের নবম স্থানে ওঠা একটি বার্তা দিচ্ছে নতুন দিনের। এমন স্মরণীয় দিনে দাঁড়িয়ে বাংলাদেশ তাকিয়ে আরেকটি বড় স্বপ্নের দিকে। সেটি জিম্বাবুয়েকে ধবলধোলাই করা। আর সেটি করা গেলে টেস্ট ক্রিকেটে একটি মর্যাদাপূর্ণ আসন পাওয়ার পাশাপাশি নবম স্থানটি বেশ পাকাপোক্ত করা যাবে। বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ভাবনা এমনটাই।
‘এই সিরিজটি যদি আমরা ৩-০ করতে পারি তাহলে হয়তো আইসিসি ভাববে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের ব্যবধানটা বড়। তাহলে পরের বছর হয়তো কিছু বেশি ম্যাচ এবং ভালো ম্যাচ পাব। আমরা যদি নিয়মিত ভালো খেলি তাহলে আইসিসি বুঝবে বাংলাদেশ উন্নতি করছে’—অনুশীলন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাঁড়িয়ে কাল কথাগুলো বললেন মুশফিকুর রহিম।
২০০০ সালে বাংলাদেশ যখন অভিষেক টেস্ট খেলে, মুশফিকের বয়স ১২ বছর। এই ১৪ বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে ৮৭টি, জয় মাত্র ছয়টিতে, ড্র ১১টিতে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই পরিসংখ্যান নিয়ে একটু মজা করলেন, ‘১৪ বছরে ৬ জয়, আমার সময়ে দুটি।’ হ্যাঁ, বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান সন্তুষ্ট হওয়ার মতো নয়।
মুশফিকের তা মানতে আপত্তি নেই, ‘১৪ বছরে হয়তো দল হিসেবে আমাদের আরও ভালো জায়গায় যাওয়া উচিত ছিল। যদি এ বছরটি বলেন সেখান থেকে আমরা দুটি টেস্ট ম্যাচ জিতেছি। এটা পজিটিভ। প্রথম শ্রেণির ক্রিকেট আমরা বেশি খেলতে পারি না। ধারাবাহিক পারফরম্যান্সে এটা একটি বাধা। এটি করা গেলে হয়তো আরও ম্যাচ ড্র করতে পারতাম, হয়তো জিততে পারতাম।’
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের তুলনায় পিছিয়ে সেটি সবাই জানেন। দেশের ক্রিকেট যাঁরা চালান, তাঁরা এর সমাধানও জানেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। অবকাঠামোগত সমস্যা থেকেই গেছে, উইকেটও উন্নত করা যায়নি। টেস্টের পৃথিবীতে বাংলাদেশের ১৪ বছর পূর্তির দিনে অধিনায়ক আঙুল তুললেন সেদিকেই, ‘বাইরে প্রথম শ্রেণির ক্রিকেট যেভাবে হয়, উইকেট যেভাবে প্রস্তুত করা হয়, হয়তো আমাদের এখানে সেভাবে হয় না। অনেক ক্রিকেটার খেলতে পারে না। সে রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় না। উইকেটগুলো যদি আরেকটু পেস বোলিং ফ্রেন্ডলি হয় তাহলে হয়তো আমাদের বাইরে গিয়ে সমস্যায় পড়তে হবে না।’
তবে ১৪ বছরে নতুন দলীয় অর্জন কম থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে টেস্টের আঙিনায় বাংলাদেশের অদূর ভবিষ্যতের ছবিটা অনেক উজ্জ্বল দেখায়। বেশ কিছু নতুন ক্রিকেটার এসেছে এই সময়ের মধ্যে। বাংলাদেশ অধিনায়ক এটি নিয়েই যেন আঁকছেন আশার ছবি, ‘গত কয়েক বছরে অনেক ভালো ভালো পারফরমার এসেছে। তারা যদি সামনে ৫-৬ বছর টেস্ট খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে।’
প্রথম টেস্ট জয় ছাড়াও এই চট্টগ্রাম বাংলাদেশকে দিয়েছে অনেক সুখের স্মৃতি। এখানে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে ড্র করেছে স্বাগতিকেরা। আবারও সেই চট্টগ্রামে দাঁড়িয়ে মুশফিক আলোড়িত হচ্ছেন সেই স্মৃতির আলোয়। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট নিয়ে বলতে পারছেন নির্দিষ্ট লক্ষ্যের কথা, ‘আমাদের টার্গেট থাকবে পাঁচটি দিনই ভালো খেলা যাতে আমরা জয় নিয়েই ফিরি।’ জয় তো আছেই, এর মধ্যে আরেকটি চাওয়াও আছে বাংলাদেশ অধিনায়কের, ‘নবম স্থানটি ধরে রাখতে হবে। এটাই আমাদের লক্ষ্য। এটা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। আমাদের টিমে পারফরমারের সংখ্যা বেড়ে গেছে। একটা দলে যখন ৬-৭ জন পারফরমার থাকবে তখন দল হিসেবে নিয়মিত ভালো করবে।’