স্মিথ-বার্নসে উজ্জ্বল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮৯ রানের জুটি গড়ার পথে স্মিথ-বার্নস
২৮৯ রানের জুটি গড়ার পথে স্মিথ-বার্নস

চা বিরতির ঠিক আগের ওভার। নিল ওয়াগনারের একটা বাউন্সার এসে লাগল স্টিভেন স্মিথের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়লেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অন্য প্রান্তের সতীর্থ জো বার্নস, আর কিউই ফিল্ডাররা সবাই দৌড়ে এলেন স্মিথের কাছে। বছরখানেক আগের ফিল হিউজের ওই ঘটনা তো এখনো অনেকের স্মৃতিতেই সজীব। একটু পরেই অবশ্য স্মিথ উঠে দাঁড়ালেন, বোঝা যাচ্ছিল আঘাতটা খুব বেশি গুরুতর নয়। পরের বলেই চার মেরে যেন জানিয়ে দিলেন, বাউন্সারটা তাঁকে একদমই বিচলিত করতে পারেনি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৩৮ রানে, অস্ট্রেলিয়াও ৬ উইকেট হাতে রেখে করে ফেলেছে ৩৬৩। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে মাত্র ৭ রানে।

স্মিথের সঙ্গে দিনটা নিজের করে নিয়েছেন বার্নসও। সকালে দিনের তৃতীয় ওভারে উসমান খাজাকে আউট করে অস্ট্রেলিয়াকে একটা ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। কিন্তু ওই পর্যন্তই, এর পর লম্বা একটা সময় বোল্ট-সাউদিদের হতাশ করে গেছেন স্মিথ-বার্নস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ২৮৯ রান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। বিদেশের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন বার্নস, শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৭০ রানে। ৩৫ রানের মাথায় ম্যাট হেনরির বলে বার্নস অবশ্য এক বার আউট হয়েছিলেন। পরে রিভিউতে দেখা যায়, বল তাঁর ব্যাটে নয়, জার্সিতে লেগেছে। শুরুর নড়বড়ে দশাটা কাটিয়ে এর পর খেলেছেন দারুণ সব শট। অপরাজিত থেকেই দিনটা শেষ করতে পারতেন। শেষ পর্যন্ত দিনের খেলা শেষের সাত ওভার আগে ওয়াগনারের বলে আউট হয়ে গেছেন।
দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের আশাটা এখনো বাঁচিয়ে রেখেছেন ওই ওয়াগনারই। বার্নসকে আউট করার পর ফিরিয়ে দিয়েছেন স্মিথকেও। দুবারই চিত্রনাট্যটা একই, ওয়াগনারের বলে গাপটিলের ক্যাচ। এবং দুটি আউটই যেন অ্যাকশন রিপ্লে, বার্নস-স্মিথ দুজনেই ক্যাচ দিয়েছেন স্কয়্যার লেগে। পরে নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। ক্রাইস্টচার্চের ক্রমশ সহজ হয়ে আসা উইকেটে অস্ট্রেলিয়া কাল অনেক দূরই যেতে চাইবে।