স্মিথ-ব্যানক্রফটকে ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার জন্য ব্যানক্রফট চেষ্টার কমতি রাখছেন না। ফাইল ছবি
নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার জন্য ব্যানক্রফট চেষ্টার কমতি রাখছেন না। ফাইল ছবি

গত মার্চে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নাড়া দিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়ায়। সে বল টেম্পারিং যে নিজের ইচ্ছায় করেননি, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নির্দেশে করেছিলেন, এই বলে বোমা ফাটিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। নিজেকে ‘নির্দোষ’ প্রমাণের জন্য ব্যানক্রফটের এই বিবৃতিতে বিরক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল স্ল্যাটার

বল টেম্পারিংয়ে জড়িয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিন অস্ট্রেলিয়ান—স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার। ক্রিকেট বিশ্বে তাঁদের নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। এর মধ্যেই নিজেরা যে ভুল করেছিলেন, তারা যে আসলে খারাপ নন, পরিস্থিতির শিকার, সেটা ইনিয়ে-বিনিয়ে সবাইকে জানাতে পিছপা হচ্ছেন না স্মিথ আর ব্যানক্রফট। ওয়ার্নারকে নাটের গুরু বানিয়ে নিজেদের ধোয়া তুলসীপাতা প্রমাণ করার একটা সুযোগও ছাড়ছেন না এই দুজন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটার।

ব্যানক্রফটের এই সাক্ষাৎকারের পর ওয়ার্নারের সঙ্গে ব্যানক্রফটের সম্পর্কে ফাটল ধরবে, এমনটাই ভাবছেন স্ল্যাটার, ‘আমার মনে হয় না এই সাক্ষাৎকারের পর ওদের (ওয়ার্নার আর ব্যানক্রফট) মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটবে। তারা এত দিন চাচ্ছিল নিজেদের পরিস্থিতির শিকার হিসেবে মানুষের কাছে প্রমাণ করতে, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে, কিন্তু এখন ভাবমূর্তি উজ্জ্বল করার এই দৌড়ে এখন তারা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে।’ যখন এই বল টেম্পারিং নিয়ে তদন্ত হচ্ছিল, তারা চাইলে তখনই এসব কথা বলতে পারত বলে মত দিয়েছেন স্ল্যাটার, ‘এখন নতুন করে অন্য কথা বলে তো লাভ নেই কোনো। যখন তদন্ত হলো তারা বলল তারা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত, আর এত দিন পর এখন এসে তারা দোষারোপ করছে অন্যদের (ওয়ার্নার)। তোমার যদি এটাই বলার থাকত তাহলে তখনই বলতে, এখন বলতে এসেছ কেন? এখন এসব বলে তো কোনো লাভ নেই!’

ব্যানক্রফটের এই বিবৃতির ফলে ওয়ার্নারের দলে ঢোকা আরও কঠিন হয়ে যাবে, মানছেন স্ল্যাটার, ‘স্মিথ আর ব্যানক্রফটের সাক্ষাৎকারের মধ্য দিয়ে কিছু অপ্রকাশিত জিনিস বের হয়ে এসেছে। যার কারণে ওয়ার্নারের দলে ঢোকাই কঠিন হয়ে যেতে পারে! দেখা যাক, সামনে কী হয়!’

গত দক্ষিণ আফ্রিকা সিরিজে এক ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। টানা হারে দিশেহারা হয়ে বোলারদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিতে স্যান্ডপেপার বা সিরিশ কাগজ দিয়ে বল ঘষে বিকৃত করেছিলেন ব্যানক্রফট। এর পরিকল্পনা ও বাস্তবায়নের দেখভাল করেছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এ বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির দায়টা তাই তিনজনের ঘাড়েই পড়েছিল।

ওয়ার্নার ও স্মিথকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট বোর্ড। আর ব্যানক্রফটের ক্ষেত্রে জুটেছে নয় মাসের শাস্তি। ওয়ার্নার ও স্মিথের তাই ২০১৯ সালের মার্চের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ফেরার সুযোগ ছিল না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এ তিনজনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা চিন্তা করছে। এ নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধ বিবেচনা করে দেখছে ক্রিকেট বোর্ড।