স্মিথ-রজার্সে সওয়ার অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডিফে জো রুটের ক্যাচ ফেলেছিলেন ব্র্যাড হাডিন। শূন্য রানে জীবন পাওয়া রুট ফেরেন সেঞ্চুরি করে। প্রথম টেস্টটা হেরেই ভুলের মাশুল গুনতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
এবার কি ইংল্যান্ড হাঁটবে অস্ট্রেলিয়ার পথে! কাল লর্ডস টেস্টের প্রথম দিনে পাওয়া সুযোগ কাজে লাগিয়েই যে ইংল্যান্ডের মাথায় বড় রানের বোঝা চাপাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ক্যাচ দিয়েছিলেন দ্বিতীয় স্লিপে। বলটাকে হাতে জমাতে পারেননি ইয়ান বেল। ৫০ রানে জীবন পাওয়া স্মিথ সেঞ্চুরিই পেয়ে গেছেন। সেঞ্চুরি পেয়েছেন ৭৮ রানে উইকেটকিপার জস বাটলারের সৌজন্যে জীবন পাওয়া ওপেনার ক্রিস রজার্সও। দ্বিতীয় উইকেটে রজার্স-স্মিথ জুটি দিন শেষেও অবিচ্ছিন্ন; দুজনে করেছেন ২৫৯ রান। অস্ট্রেলিয়া ৩৩৭। টস জিতে ব্যাট নেওয়া সফরকারীরা উইকেট হারিয়েছে মাত্র ১টি।
দলকে ৭৮ রানে রেখে মঈন আলীর বলে কাভারে জেমস অ্যান্ডারসনের ক্যাচ হয়েছেন ডেভিড ওয়ার্নার। এরপর জুটি বেঁধেছেন রজার্স-স্মিথ। ইনিংসের ষোড়শ ওভারে স্মিথ যখন ক্রিজে এলেন রজার্সের রান ৩৫। কিন্তু স্মিথ লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন রজার্সের ২ ওভার আগেই।
লর্ডসে প্রথম ও ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটা স্মিথ পেয়েছেন ১৬১ বলে। প্রথম ৫০ করতে ১১১ বল খেললেও দ্বিতীয় ৫০ মাত্র ৫০ বলেই করেছেন স্মিথ। লর্ডসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রজার্স বরং একটু দ্রুতই রান তুলেছেন প্রথম দিকে। ৯৫ বলে ফিফটি ছোঁয়া বর্ণান্ধ ওপেনার সেঞ্চুরি করেছেন ২০৯ বলে। দিন শেষে রজার্স ১৫৮ ও স্মিথ ১২৯ রানে অপরাজিত ছিলেন। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।