স্মিথ–ওয়ার্নারদের বাহুতে কেন কালো বন্ধনী?
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট কাল থেকে শুরু হয়েছে অ্যাডিলেডে। গোলাপি বলে দিন-রাতের এই টেস্টে আজ হঠাৎ করেই অস্ট্রেলীয় ক্রিকেটারদের বাহুতে দেখা গেল কালো বন্ধনী।
গতকাল কালো বন্ধনী না থাকলেও আজ তাঁদের বাহুতে এই বন্ধনীর পেছনে আছে মর্মান্তিক এক ঘটনা।
গতকালকের দিনটা অস্ট্রেলিয়ার জন্য শোকেরই ছিল। মর্মান্তিক এক ঘটনা বিমূঢ় করে দিয়েছে গোটা দেশকেই। তাসমানিয়ার ডেভেনপোর্টে গতকাল এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ শিশু।
একটি বাউন্সি ক্যাসল তীব্র বাতাসে উড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কিছু শিশু। অস্ট্রেলীয় ক্রিকেটাররাই কেবল নয়, আজ মৃত শিশুদের আত্মার শান্তি কামনায় আর শোকবিমূঢ় পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে মাঠের আম্পায়াররাও কালো বাহুবন্ধনী পরেছেন।
বাউন্সি ক্যাসল মূলত বেলুন দিয়ে তৈরি একধরনের খেলার উপকরণ।
ডেভেনপোর্টের এই দুর্ঘটনা ছুঁয়ে গেছে সবাইকেই। তাসমানিয়ার পুলিশপ্রধান এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘তীব্র বাতাসের কারণে জাম্পিং ক্যাসল উড়ে গিয়ে প্রায় ১০ মিটার উঁচুতে উঠে ছিটকে পড়ে। এতে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। ওই শিশুদের পরিবার ও সহপাঠীদের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে।’
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি এটিকে বলেছেন হৃদয়বিদারক ও অকল্পনীয় এক ঘটনা।