স্মিথদের আজ জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নগুলো সহজ। ‘হ্যাঁ’ বা ‘না’তেই উত্তর দেওয়া যায়। তবে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এক শব্দের উত্তর পাওয়াটাও তাই কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে প্রশ্ন ঘুরছে, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে তো? প্রশ্ন উঠে গেছে, এবারের অ্যাশেজ সিরিজ কি হবে? সবকিছুরই ভাগ্য ঝুলে আছে ‘যদি’, ‘কিন্তু’র ওপরে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত মেনে পরশু নতুন চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কাল থেকে আনুষ্ঠানিকভাবে বেকারের খাতায় নাম উঠে গেছে স্মিথ-ওয়ার্নারদের! এখন আর তাঁরা সিএর চুক্তিভুক্ত চাকুরে নন। ১৯৭০ সালে কেরি পেকারের ওয়ার্ল্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট এত বড় সংকটে আর পড়েনি। ক্রিকেটাররা নতুন চুক্তি না করায় দুঃখ প্রকাশ করেছে সিএ। ওই পর্যন্তই। এর সমাধানের ব্যাপারে কিছু বলেনি তারা। তবে ক্রিকেটারদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজই জরুরি সভায় বসছে তাঁদের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।

সিএর ভূমিকা নিয়ে পরশু রাতে দুঃখ প্রকাশ করেছেন এসিএ সভাপতি গ্রেগ ডায়ার। খেলোয়াড়দেরই পরবর্তী পদক্ষেপ নেওয়াটা জরুরি মনে করছেন তিনি, ‘খেলোয়াড়দেরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই কারণেই জরুরি সভা ডাকা হয়েছে।’ কিন্তু এই সভায় খেলোয়াড়দের অনেকেই থাকতে পারবেন না। কেউ খেলার জন্য ভিনদেশে রয়েছেন, কেউ ছুটি কাটাচ্ছেন দেশের বাইরে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় নেই টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথও। সিডনির হিল্টন হোটেলের সভায় তিনি অংশ নেবেন ভিডিও লিংকের মাধ্যমে।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এমন আলোচনা সভা যে আরও হবে, সেটি ধরেই নেওয়া যায়। ক্রিকেট অস্ট্রেলিয়াও হয়তো শিগগিরই আলোচনায় বসবে। কিন্তু সবকিছু নিয়ে খুশি নন অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে দলের সহ–অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নিজের মন খারাপের বিষয়টি জানাতে তিনি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম, ‘আমার কাছে পরিবারই সব। আমার পুরোনো (!) কাজের জায়গাকেও পরিবারই ভাবতাম। কিন্তু এখন মনে হচ্ছে সিএকে পরিবার ভাবাটা ছিল ভুল।’ এই সংকটে পাশে থাকা সমর্থকদের ওয়ার্নার ধন্যবাদ জানিয়েছেন টুইটারে, ‘আমাদের সমর্থন করে যাওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ। এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কী সামলাতে হয়।’ একজন সমর্থক টুইটারে ওয়ার্নারের কাছে অ্যাশেজ সিরিজের ভবিষ্যৎ জানতে চেয়েছেন। উত্তরে ওয়ার্নার লিখেছেন, ‘আমরা তো খেলতেই চাই। কিন্তু তারা (সিএ) তা চায় না।’

ফাস্ট বোলার জশ হ্যাজলউড আগের দিন বলেছিলেন, বেতন না পেলে ক্ষতি নেই, সিএর অন্যায্য প্রস্তাব মানার চেয়ে বেকার থাকা ভালো। কিন্তু বিষয়টি তাঁর কাছেও বেদনাদায়ক, ‘আমাদের যা করা দরকার নিশ্চয়ই তা-ই করতে চাই।’ দু-একজন ক্রিকেটার আবার বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি। ইংল্যান্ডের ক্লাব সারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মজা করে বলেছেন, ‘যাক, আমি অন্তত বেকার হয়ে যাইনি!’ এএফপি, হেরাল্ড সান

পরশু আনুষ্ঠানিকভাবে বেকার হয়ে পড়েছেন সব মিলিয়ে ২৩০ জন ক্রিকেটার। এঁরা সবাই কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত মেনে নতুন চুক্তিতে সই করেননি।

প্রতি ১৫ দিনে খেলোয়াড়দের বেতন-ভাতা বাবদ ১২ লাখ ডলার খরচ হতো ক্রিকেট অস্ট্রেলিয়ার। সমঝোতায় না আসা পর্যন্ত এই অর্থ তৃণমূল ক্রিকেটে খরচ করার ঘোষণা দিয়েছে তারা।

৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ‘এ’ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত।

ঝুলে গেল আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ভাগ্যও।

অনিশ্চয়তায় নভেম্বরে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফর।