স্মিথদের ছাড়া কেমন কাটবে, টের পাচ্ছে অস্ট্রেলিয়া

>
- প্রথম দিন ৬ উইকেটে ৩১৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা
- ১৫২ রান করে আউট হয়েছেন মার্করাম
- ৫৩ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন কামিন্স
জোহানেসবার্গে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের দুই ব্যাটিং ভরসাকে ‘বল টেম্পারিং’য়ে হারিয়ে ফেলার পর অস্ট্রেলিয়ার আসলে কী দশা, সেটা তাই আজই পরিষ্কার বোঝা যায়নি। কিন্তু মাঠে শরীরী ভাষাতে কিছুটা হলেও ইঙ্গিত মিলেছে, ভালো নেই অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ার এমন হকচকিত অবস্থার সুবিধা নিয়ে দুর্দান্ত শুরু করছিল দক্ষিণ আফ্রিকা। শেষ বিকেলে পথ না হারালে স্কোরটা ৬ উইকেটে ৩১৩ রানের চেয়ে অনেক বেশি হতে পারত।
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও অন্য ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের না থাকার প্রভাব থাকতই। দিনের শুরুতে আরও বড় ধাক্কা হয়ে এল অন্য সংবাদ—মিচেল স্টার্ক পড়েছেন চোটে! তাঁর জায়গায় টেস্ট অভিষেক করিয়ে দেওয়া হলো চ্যাড সেয়ার্সের। খুব যে খারাপ করেছেন সেয়ার্স তা নয়, ৩ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে প্রথম দিনটা নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি। কিন্তু মিচেল স্টার্কের শূন্যস্থান পূরণ হয়নি তাতে।
গতি ও বাউন্স থাকলে এ উইকেটে কতটা ভালো করা যায়, সেটা প্যাট কামিন্স দেখিয়েছেন। ১৯ ওভারে মাত্র ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার এই গতিতারকাই। পর পর দুই বলে এইডান মার্করাম ও ফাফ ডু প্লেসিকে (৬৯) আউট করে স্বাগতিক দলের রান উৎসবে বাদ সেধেছেন। না হলে যে দুই উইকেট হারিয়েই প্রায় আড়াই শ রান করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কামিন্সের সুবাদেই ১০৫ রানের তৃতীয় উইকেট জুটিটা থামল ২৪৭ রানে। এর আগে কামিন্সের বলেই ফিরেছিলেন আমলা (২৭)।
প্রথম সেশনে অবশ্য উইকেটের সুবিধা নিতে পারেননি কামিন্সরা। প্রথম সেশনে ২৮ ওভারে ৮৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা, উইকেট পড়েছে একটি। সেটিও পেয়েছেন অফ স্পিনার নাথান লায়নের।
আজ অস্ট্রেলিয়ার বোলারদের পরীক্ষা নিয়েছেন মার্করাম। টেস্টের প্রথম দিনে রান তুলেছেন ৭০ স্ট্রাইক রেটে। ২১৬ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ১টি ছয়। কামিন্সের বল আকাশে তুলে ফেরার আগে করে ফেলেছেন ক্যারিয়ার সেরা ১৫২।