স্মিথদের পক্ষে ব্যাট ধরলেন গ্রায়েম স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়-বোর্ড দ্বন্দ্বে খেলোয়াড়দের পক্ষেই লড়লেন স্মিথ। ফাইল ছবি
খেলোয়াড়-বোর্ড দ্বন্দ্বে খেলোয়াড়দের পক্ষেই লড়লেন স্মিথ। ফাইল ছবি

ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। লভ্যাংশভিত্তিক বেতনকাঠামো থেকে সরে আসার প্রস্তাব করায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা। বোর্ডও একচুল ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কদিন ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে অচলাবস্থা। ১ তারিখ থেকে বেকার হয়ে গেছেন দেশটির ২৩০ শীর্ষ ক্রিকেটার। এমন অবস্থায় ক্রিকেটারদের পক্ষ নিচ্ছেন সবাই।

শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি না হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু প্রথম ১৫ দিনেই ১২ লাখ ডলার আয় হবে—এটা জানিয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা প্রকাশ করেছেন তারা। কিন্তু ক্রিকেটাররাও কম যাননি। নিজেদের বেকার দশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মজার সব পোস্ট করে বোর্ডকে একহাত নিয়েছেন। এই ঝামেলায় সরাসরি কোনো সম্পর্ক নেই সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। কিন্তু ওয়ার্নার-স্মিথ-স্টার্কদের পক্ষে বলছেন তিনিও, ‘খেলোয়াড় হিসেবে লভ্যাংশভিত্তিক বেতন-ভাতার অংশ ছিলাম আমি। বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রেখেছে এটা। বর্তমান ক্রিকেটে খেলোয়াড়দের সামনে যখন আয়ের নানা উৎস খোলা, তখন বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু এটা একটি সফল প্রকল্প ছিল।’
খেলোয়াড়দের আন্তর্জাতিক সংস্থা ফিকাও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পক্ষে অবস্থান নিয়েছে। আজ এক বিবৃতিতে ফিকা জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে গত বিশ বছর ধরে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নে সফলতা এনে দিয়েছে লভ্যাংশ ভাগাভাগির বেতনকাঠামো। তবু ক্রিকেট অস্ট্রেলিয়ার লভ্যাংশ ভাগাভাগির বেতনকাঠামো শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফিকা চিন্তিত।’ সূত্র: এসবিএস ডট এইউ।