দুই টেস্টের সিরিজ খেলতে বিশাল লটবহর নিয়ে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পড়বে ১৮ আগস্ট।
খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সমঝোতা হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সংশয় নেই। তবে একটু অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সফরে অস্ট্রেলিয়ার একমাত্র প্রস্তুতি ম্যাচটি নিয়ে। ২২-২৩ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজ নিয়ে বিসিবি-সিএ সমঝোতা স্মারকে ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম। কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে সেখানকার জলাবদ্ধতা। গত প্রিমিয়ার লিগের আগে থেকেই ফতুল্লার আউটার স্টেডিয়াম ও মূল স্টেডিয়ামের আশপাশের এলাকা নোংরা, দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে। বর্ষা আসার পর বৃষ্টিতে পানি জমেছে স্টেডিয়ামের ভেতরেও। বিসিবি সম্প্রতি পাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা শুরু করেছে। তবে দুই দিন ধরে যে রকম বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাসে আগস্টজুড়েই যে রকম বৃষ্টির সম্ভাবনা, তাতে ফতুল্লায় আদৌ ম্যাচ হবে বলে মনে হয় না। সংশয়ের মধ্যে পড়ে যেতে পারে ২৭ আগস্ট থেকে শুরু ঢাকা টেস্টও। ৩০ আগস্ট পর্যন্ত বৃষ্টি ও মধ্য আগস্টে বন্যার সম্ভাবনাই বাড়িয়ে দিচ্ছে শঙ্কাটা।
প্রস্তুতি ম্যাচের বিকল্প ভেন্যু হিসেবে বিসিবির কর্মকর্তারা বিকেএসপির কথা বলছেন। ইদানীং সিলেটের কথাও শোনা যাচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়াকে রাজি করাবে কে! যাতায়াতে অনেক বেশি সময় লেগে যাবে বলে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় না তারা। আর সিলেটে খেলা হওয়ার সম্ভাবনা আরও কম কারণ, সম্ভাব্য ভেন্যু পর্যবেক্ষণ করে যাওয়া সিএর প্রতিনিধিদল সেখানে যায়ইনি। তাদের জন্য সিলেট হবে পুরোপুরিই একটা নতুন জায়গা। তা ছাড়া সিলেটে খেলা হলে দুই দলকে সেখানে গিয়ে থাকতে হবে, মাঠ প্রস্তুত করার ব্যাপার-স্যাপারও আছে। এসবের কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
তাহলে কি ২১-২২ দিনের সফরে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল? বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এখনই সে রকম শঙ্কা দেখছেন না, ‘আমরা এখনো ফতুল্লায় খেলা আয়োজনের চেষ্টা করছি। মাঠে জমে থাকা পানি পাম্প করে সরানো হচ্ছে। সূচি চূড়ান্ত হওয়ার সময় থেকেই এখানে প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা।’ তবে এ রকম বর্ষণ চলতে থাকলে কাজটা যে কঠিন হবে, সেটি মানছেন তিনি। সে ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল ঢাকায় এলে। দুই-তিন সদস্যের এই দলের ঢাকায় আসার কথা ১৫ আগস্ট। তাদের সঙ্গে আলোচনায় রাস্তা ফাঁকা করে বিকেএসপি যাওয়া-আসার সময় কমিয়ে আনার প্রস্তাব দিতে পারে বিসিবি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ২০১৬-এর অক্টোবরের পর এই টেস্ট দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেট গড়াবে এ মাঠে। মাঝে উইকেট, আউটফিল্ড সংস্কার হয়েছে। পুরোনো ঘাস ফেলে লাগানো হয়েছে নতুন ঘাস। মিরপুরের নতুন উইকেট টেস্টে কেমন আচরণ করবে, সেটি নিয়েও চলছে আলোচনা। জালাল ইউনুস আশাবাদী, টেস্টের আগেই পাওয়া যাবে সম্পূর্ণ প্রস্তুত স্টেডিয়াম, ‘টেস্টের আগেই মিরপুর স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। এ মাঠে অনেক খেলা হয়েছে। উইকেট আগের মতোই আছে। বড় কোনো পরিবর্তন আসেনি।’
অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচটি কোথায় হবে, সেই সংশয়টা জাগিয়েছে বৃষ্টি। এই বৃষ্টিই চট্টগ্রামে পরশু বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের শেষ দিনটা নিয়ে গেছে ভাসিয়ে। তারপরও চট্টগ্রাম পর্বের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দল। কাল ঢাকায় ফিরে আজ আবার দলের অনুশীলন শুরু হবে মিরপুরে। তবে বৃষ্টি না থামলে অনুশীলন সীমাবদ্ধ থাকবে ইনডোরেই।
আসন্ন সিরিজ ঘিরে ঘুরছে আরও একটা প্রশ্ন, স্পিন কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিলের সঙ্গে আলোচনা কি চূড়ান্ত? সাবেক এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার কি অস্ট্রেলিয়া সিরিজের আগেই এসে পড়বেন বাংলাদেশে? আপাতত সে রকম সম্ভাবনা নেই বলেই খবর। জালাল ইউনুসও দিয়েছেন তেমন আভাস, ‘ম্যাকগিলের ছাড়পত্র পাওয়া নিয়ে একটু ঝামেলা আছে। এটা বলা কঠিন, তিনি ঠিক কবে আসবেন। তিনিও সেটা নিশ্চিত করে বলতে পারছেন না।’ তবে হাইপারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ হিসেবে চম্পকা রমানায়েকের চলে আসার কথা ১৭ আগস্ট।