স্মিথদের লক্ষ্য এখন বাংলাদেশ
আশা জাগিয়েও জয়টা আসেনি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর অস্ট্রেলিয়া এখন একটু কোণঠাসাই। আগামীকাল বাংলাদেশের সঙ্গে ম্যাচে হারলে বিদায় নিতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ তাই বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে চান।
পরশু প্রথম ১০ ওভারে ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতের মুঠোতেই ছিল। কিন্তু পরের ওভারগুলোতেই সেটি উঠে যায় কিউইদের হাতে। তবে বাংলাদেশের সঙ্গে এমন ভুল করতে চান না স্মিথ, ‘বেঙ্গালুরুর ম্যাচেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আশা করি, আমরা সেটা করতে পারব। আগের ম্যাচের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আসলে ৭ থেকে ১৫ ওভারের মধ্যেই হেরে গেছি। আমরা দক্ষিণ আফ্রিকায় এই সময়টায় ভালো ব্যাট করেছি যে জন্য জিততেও পেরেছি। ওই জিনিসটাই এখানে আমাদের করতে হবে।’
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বশেষ তিনটি ওয়ানডেতেই খেলেছে অস্ট্রেলিয়া। সবশেষ ম্যাচটিতে অবশ্য রোহিত শর্মা ২০৯ রান করে জিতিয়ে নেন ভারতকে। আইপিএলে খেলার জন্য চিন্নাস্বামীর উইকেটের সঙ্গেও পরিচিত ম্যাক্সওয়েল-ওয়ার্নাররা। স্মিথ অবশ্য সেটাকে খুব বড় করে দেখছেন না, ‘আইপিএলে আমাদের অনেকেই খেলেছে, কিন্তু এবার স্পিনিং উইকেট না-ও দেখা যেতে পারে। আমাদের সবার নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে।’ এএফপি।