স্মিথদের সেই দুঃস্বপ্ন মনে করিয়ে দিলেন ওয়াটসন

ভারত সফর নিয়ে উত্তেজনায় কাঁপছে অস্ট্রেলিয়া দল। ভালো করার প্রত্যয় আছে স্টিভেন স্মিথদের। একই সঙ্গে আছে ভারতের উইকেটে কী হয় বা না হয় সেই শঙ্কাও। অনুজদের সাহস জোগাতে ওয়াটসন সামনে নিয়ে এসেছেন ২০১৩ সালের ভারত সফরটিকে। আর যাই হোক সেবারের চেয়ে খারাপ কিছু আর হতে পারে না বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। তাই দুশ্চিন্তা না করে নিজেদের সেরাটা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার ব্যাপারটি তো ছিলই। এর সঙ্গে যোগ হয়েছিল দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারের সঙ্গে খেলোয়াড়দের সমস্যা। কোচের সঙ্গে খেলোয়াড়দের দূরত্ব ভয়াবহ আকার ধারণ করেছিল। সিরিজের ফল ছাপিয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারি ।
সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আশায় মোহালিতে তৃতীয় টেস্টের আগে খেলোয়াড়দের কাছে তিনটি বিষয়ে জানতে চেয়েছিলেন কোচ আর্থার। অন্যরা এ নিজেদের বিশ্লেষণ জমা দিলেও কোচের ডাকে সারা দেননি ওয়াটসন, জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা। এর খেসারত তাঁদের দিতে হয়েছিল এক ম্যাচ নিষিদ্ধ হয়ে। সেই দুঃস্বপ্নের কথা এখনো ভোলেননি ওয়াটসন, ‘২০১৩ সালের এই ঘটনার চেয়ে খারাপ আর কিছু বোধ হয় হওয়া সম্ভব নয়। আমি নিশ্চিত এর চেয়ে খারাপ কিছু এবার ঘটবে না।’
এবারের ভারত সফরে চারজন স্পিনার নিয়ে যাবে অস্ট্রেলিয়া। ওয়াটসন জানেন, ভারতের উইকেটে স্পিন একটা বড় অস্ত্র। এরপরও চারজন বেশি স্পিনার খেলানোর পক্ষে নন তিনি।
ওয়াটসন চান অস্ট্রেলিয়া খেলুক তাঁর শক্তি অনুযায়ীই, ‘২০০৪ সালে আমরা ভারতে সিরিজ জিতেছিলাম কীভাবে? স্পিনার ছিল কেবল শেন ওয়ার্ন আর তাঁর সঙ্গে তিন পেসার গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি ও মাইকেল ক্যাসপ্রোভিচ। আমরা আমাদের শক্তিমত্তার ওপর নির্ভর করেছিলাম। দলে ছিল দেশের সেরা ক্রিকেটাররা। এই সেরা খেলোয়াড়েরাই ভারতের মতো কঠিন কন্ডিশনে নিজের সেরাটা দেওয়ার সর্বোচ্চ সুযোগ পেয়েছিল। এটাকে কাজে লাগিয়েই আমরা সেবার সাফল্য পেয়েছিলাম।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।