
সত্তরের দশকের শেষদিকে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের সময় একবার এমন গভীর সংকটে পড়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। এরপর এবারই বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও খেলোয়াড়দের দ্বন্দ্বে অস্ট্রেলিয়ার ক্রিকেট টালমাটাল। সিডনিতে কাল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সভার আগে মনে হয়েছিল একটা সমাধানের পথ বের হলেও হতে পারে। শেষ পর্যন্ত হলো উল্টোটা। আরও মুখোমুখি অবস্থানে চলে গেছে সিএ ও এসিএ। এসিএ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সমঝোতা চুক্তি না হলে ৮ জুলাই থেকে শুরু অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না ক্রিকেটাররা।
চুক্তি না হলে সফর বয়কট—এই হুমকি যেমন দিয়েছেন খেলোয়াড়েরা, তেমনি আবার সিদ্ধান্ত নিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে ব্রিসবেনে আজ শুরু প্রস্তুতি পর্বেও যোগ দেবেন। এসিএ আলোচনা ও সমঝোতার পথ খোলা রাখতে চাইছে। চুক্তি না হলে তখনই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সিডনির সভায় ছিলেন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন, জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটারদের অনেকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে থাকা অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথও। সভা শেষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা বলেছেন, ‘এটা (সফর বয়কট করা) মোটেও সহজ কিছু নয়। ব্যক্তিগতভাবে আমি সত্যিই ক্রিকেট খেলার জন্য উন্মুখ। অনেক দিন হলো খেলিনি। অন্যরাও নিশ্চয়ই তা-ই চায়। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা তবু অনুশীলনে যোগ দিচ্ছি। আমরা আমাদের কাজটা চালিয়ে যাব, প্রস্তুত হব। আশা করি, এর মধ্যে সুরাহা একটা হবে। কিন্তু তা না হলে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’
নভেম্বরের অ্যাশেজ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তবে এর আগে বাংলাদেশ ও ভারত সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আগামী মাসেই। এর সবই এখন অনিশ্চয়তার মধ্যে। সভা শেষে এসিএ’র বিবৃতিতেও এসেছে এই দু্টি সফরের প্রসঙ্গ, ‘ক্রিকেটারদের বাংলাদেশ ও ভারত সফরে যাওয়ার প্রবল ইচ্ছা আছে। তবে এই সফরগুলোতে যেন যেতে পারে, সেজন্য তারা ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) আহ্বান করছে ন্যায়সংগতভাবে চুক্তি নবায়নের। কিন্তু যেহেতু ক্রিকেটাররা এখন চাকরিবিহীন এবং চুক্তিতে নেই, এই মুহূর্তে পেশাদার ক্রিকেটারদের কেউ সফর করতে বাধ্য বা প্রস্তুত নয়।’
ক্রিকেটারদের সর্বশেষ বক্তব্যের পরও সিএকে একদমই নমনীয় মনে হচ্ছে না। বরং পাল্টা এক বিবৃতি এসেছে। যাতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া “এ” দলের এই সফরটা উন্নয়ন কর্মসূচির অংশ, যেখানে খেলোয়াড়েরা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সুযোগ পায়। খেলোয়াড়েরা তাই এ রকম একটা সফরে না গেলে সেটা খুব বিস্ময়কর হবে। তবে সিএ কখনোই অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য কোনো খেলোয়াড়কে জোর করেনি। যারা খেলতে রাজি নয়, তাদের কখনো জোর করা হবেও না।’
সব মিলিয়ে তাহলে কী দাঁড়াল? অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় এই সংকট ক্রমশই আরও জটিল রূপ নিচ্ছে। এএফপি, রয়টার্স।
আছে বিকল্প ভাবনাও
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) দুই পক্ষই নিজেদের অবস্থানে অটল। আবার দুই পক্ষই আশা করছে, চলমান সমস্যার একটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সমাধান না হয়? বাংলাদেশ ও ভারত সফরে আসবে না অস্ট্রেলিয়া দল? হবে না অ্যাশেজ? এসব মাথায় রেখেই হয়তো একটা বিকল্পও ভেবে রেখেছে এসিএ।
কী সেটা? ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে শেষমেশ চুক্তি না হলে ক্রিকেটাররা চুক্তি করে নিতে পারবেন এসিএর সঙ্গে। তখন এসিএই খেলোয়াড়দের দেখভাল করবে। আর বোর্ড কোনো খেলোয়াড়কে নিতে চাইলে দরদাম করতে হবে এসিএর সঙ্গে। তবে এসিএ প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন বলে রাখলেন, ‘এটা ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার বিকল্প একটা উপায় মাত্র। বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারককেই আমরা প্রাধান্য দিচ্ছি।’
প্রশ্ন হচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়াও কি সমঝোতাকেই প্রাধান্য দেবে, নাকি তারাও বিকল্প ভেবে রেখেছে? এএফপি।