স্মিথরা 'ক্রিমিনাল' তো নন, এ কেমন আচরণ!

অপরাধ স্বীকার করাটা সাহসিকতার পরিচয়। তবে স্টিভ স্মিথের যে অবস্থা, তাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস দেখাতে দুবার ভাববে। আত্মপক্ষ সমর্থন না করে সরাসরি বল বিকৃতির দায় স্বীকার করে নিয়েছিলেন স্মিথ। কিন্তু এরপর থেকে তাঁর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন ভয়ংকর কোনো অপরাধ করে এসেছেন। বল বিকৃতি অবশ্যই ক্রিকেটীয় চেতনার বিরোধী। কিন্তু এই অপরাধ করার পর তাঁর সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেটিও কোনো চেতনার মধ্যেই পড়ে না। সবার এমন বাড়াবাড়িতে বিরক্ত হয়ে কেভিন পিটারসেনের খেদোক্তি, ‘ওরা তো আর ক্রিমিনাল নয়!’
গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে। জোহানেসবার্গ এয়ারপোর্টে ঢোকার পথে স্মিথকে ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা। মোটামুটি টেনে ধরে তাঁকে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। স্মিথদের নিরাপত্তার স্বার্থেই এসব করা। দক্ষিণ আফ্রিকান সমর্থকেরা যেভাবে দুয়ো দিচ্ছিলেন, প্রতারক বলে গালি দিচ্ছিলেন তাতে স্মিথদের নিরাপত্তা শঙ্কা জাগছিলই। সে ভিডিওটাই দেখিয়ে পিটারসেনের দুঃখ, ‘একদম পছন্দ হচ্ছে না এসব। স্টিভ স্মিথ তো ক্রিমিনাল নয়।’ প্রায় একই সুরই শোনা গেছে শেন ওয়ার্নের টুইটেও।
বল টেম্পারিংয়ের ঘটনার পর এই পিটারসেনই সবচেয়ে বেশি সরব ছিলেন। বেশ কিছু টুইট করেছেন। ডেল স্টেইনও প্রতিপক্ষের অপরাধ সবাইকে দেখানোর জন্য ব্যানক্রফটের ট্রাউজারের সে ছবিটা দেখিয়ে টুইট করেছিলেন। বলেছিলেন, ‘আমরা কি এ নিয়ে কথা বলতে পারি?’ তাঁদের প্রচেষ্টায় কাজ হয়েছে। যতটা ভাবা হয়েছিল বা এ ধরনের ঘটনায় যতটা শাস্তি হয় সাধারণত, স্মিথরা শাস্তি পেয়েছেন তার কয়েক গুণ বেশি। অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও ছাড় পাননি। তাঁকেও একই শাস্তি পেতে হয়েছে। আর দলের জন্য বল বিকৃতির কাজটি যিনি করেছেন, সেই ক্যামেরন ব্যানক্রফট পেয়েছেন ৯ মাসের নিষেধাজ্ঞা।
অথচ আইসিসির নিয়মে বল বিকৃতির শাস্তি এতটা কড়া নয়। আইসিসির আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্মিথ। আর তিনি অপরাধ স্বীকার না করলে দায়টা ব্যানক্রফটের ওপর পড়ত। তখন সর্বোচ্চ ৩ ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফির ৫০ থেকে ১০০ ভাগ জরিমানা দিয়েই পার পেতে পারতেন ব্যানক্রফট। বল টেম্পারিংয়ে অতীতে এমন শাস্তিই হয়ে এসেছে সাধারণত।
ইতিহাস সেটাই দেখিয়েছে। তাই স্মিথদের এমন শাস্তি এবং অস্ট্রেলিয়ান বোর্ডের এমন কঠোর প্রতিক্রিয়া দেখে সেই স্টেইন বিরক্ত হয়েছেন, ‘এ নিষেধাজ্ঞা বাড়াবাড়ি। এটা...কী বলব...চমকে গেছি! এটা তো জীবন পাল্টে দেওয়া ব্যাপার। এয়ারপোর্টে যে বাজে ব্যাপারটা ঘটল, সেটার কোনো প্রয়োজন ছিল না।’