স্মিথের অধীনেও খেলতে রাজি ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক
স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক

চোটের কারণে আপাতত দলের বাইরে। তবে টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই মাইকেল ক্লার্কই এখনো অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। তাঁর অনুপস্থিতিতে টেস্টে স্টিভেন স্মিথ আর ওয়ানডেতে জর্জ বেইলি নেতৃত্ব দিচ্ছেন। তবে ওয়ানডেতে বেইলির জায়গাটাই ইদানীং অনিশ্চিত হয়ে যাওয়ায় দুই ধরনের ক্রিকেটেই স্মিথকে ক্লার্কের উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে। কেউ কেউ অবশ্য এখনই ক্লার্কের বদলের স্মিথের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে। যদি সেটাই হয়, তাহলে তাতে আপত্তি নেই ক্লার্কেরও। অধিনায়ক স্মিথের অধীনেও খেলতে রাজি ক্লার্ক।
চোটের কারণে ক্লার্ক ছিটকে যাওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জর্জ বেইলি। আবার বেইলি নিষেধাজ্ঞা পাওয়ায় হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের একটা ম্যাচেও নেতৃত্ব ছিল স্মিথের কাঁধে। এদিকে ক্লার্ক ফিরলে দলে জায়গা হারাতে পারেন বেইলি। সব মিলিয়ে স্মিথকেই মনে হচ্ছে দুই ধরনের ক্রিকেটে ক্লার্কের সম্ভাব্য উত্তরসূরি। টেস্ট ও ওয়ানডে দুটোতেই স্মিথ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিজে পারফর্ম করেছেন, জিতিয়েছেন দলকে। চোটের কারণে খুব শিগগির ক্লার্কের ফেরা অনিশ্চিত হয়ে ওঠায় কেউ কেউ এখনই স্মিথকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখার পক্ষে। এতে আপত্তি নেই ক্লার্কেরও। পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক একটি রেডিওস্টেশনের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেনেছেন রিকি পন্টিংয়ের অধিনায়কত্বের শেষ সময়টার কথাও, ‘অবশ্যই আমি স্মিথের অধীনে খেলতে রাজি। স্মিথির (স্টিভেন স্মিথ) মানসিক অবস্থাটা আমি বুঝতে পারি। আমিও এই অবস্থার মধ্য দিয়ে গেছি, যখন পুরো সংবাদমাধ্যম পন্টিংয়ের অবসরের জন্য উঠেপড়ে লেগেছিল। এটা আমার আর স্মিথির ব্যক্তিগত ব্যাপার নয়। আমরা অনেক দিন ধরেই বন্ধু এবং বন্ধুই থাকব। আমাদের দুজনের মাথার ওপরে যারা বসে আছেন তাঁরা এ সিদ্ধান্ত নেবেন।’
এমনকি সেই ‘ওপরওয়ালা’রা যদি মনে করেন ক্লার্ক দলে থাকার যোগ্য নন তাতেও আপত্তি নেই ক্লার্কের, ‘তাঁরা যেটিকে সেরা একাদশ মনে করবেন সেটিই খেলাবেন। যাকে সবচেয়ে যোগ্য মনে করবেন তাঁকেই অধিনায়ক বানাবেন। যদি তাঁরা মনে করেন খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে আমার সময় শেষ তাহলে তা-ই হবে। খেলা তো আর থেমে থাকবে না।’
ক্লার্ক অবশ্য মনে করেন এখনো অস্ট্রেলিয়ান ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে তাঁর, ‘আমি এখনো মনে করি, পারফর্ম করতে পারব এবং দলের সাফল্যে অবদান রাখতে পারব। তবে ব্যাপারটা তো শুধু আমার হাতে নয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে পুরো ফিট হওয়া।’ ক্রিকইনফো, রয়টার্স।