
টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেও মন খারাপ স্টিভ স্মিথের। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা মাত্র ১ রানের জন্য ফসকে গেল যে! টেস্ট তো বটেই, ৭১ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে একবারও ২০০ ছোঁয়া হয়নি স্মিথের।
মন খারাপ স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলা জোরোম টেলরেরও। ৪৭ রানে ৬ উইকেট-ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার পরশু করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দুর্দশাই যে দিন শেষে হাসতে দেয়নি তাঁকে।
পরশু কিংস্টন টেস্টের দ্বিতীয় দিনে স্মিথকে ১৯৯ ফেরানোর পর অস্ট্রেলিয়াকেও ৪০০ ছুঁতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৯৯ রানে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের। ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা ক্যারিবীয়রা ধাক্কাটা আর সামাল দিতে পারেনি। ১৪৩ রানে ৮ উইকেট হারিয়ে একসময় ফলোঅনের শঙ্কায়ও পড়েছিল। সেখান থেকে স্বাগতিকদের টেনে তুলেছেন ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। নবম উইকেটে কেমার রোচের সঙ্গে তাঁর ৭৭ রানের জুটিটাই ফলো অন থেকে বাঁচিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২ চার ও ২টি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ২২০ রানে। কাল লাঞ্চের আধা ঘণ্টা পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তুলেছে বিনা উইকেটে ৫৩ রান।
ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন। টেস্টে নাথান লায়নের শিকার এখন ১৪৪। হিউ ট্রাম্বলকে (১৪১) ছাড়িয়ে লায়নই এখন টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অফ স্পিনার। এএফপি, টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১২৬.৫ ওভারে ৩৯৯ (স্মিথ ১৯৯, ক্লার্ক ৪৭, ভোজেস ৩৭; টেলর ৬/৪৭, হোল্ডার ২/৬৪, রোচ ১/১১৩, পেরমল ১/১২৪) ও দ্বিতীয় ইনিংস: ২৩ ওভারে ৫৩/০।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৯.৫ ওভারে ২২০ (হোল্ডার ৮২*, ব্ল্যাকউড ৫১, হোপ ২৬; হ্যাজলউড ৫/৩৮, লায়ন ৩/৫৫, স্টার্ক ১/৫০, জনসন ১/৫৪)। (অসমাপ্ত)
টেস্টে ১৯৯ রানে আউট
ম্যাচ ভেন্যু সাল
মুদাসসর নজর পাকিস্তান-ভারত ফয়সালাবাদ ১৯৮৪
মোহাম্মদ আজহারউদ্দিন ভারত-শ্রীলঙ্কা কানপুর ১৯৮৬
ম্যাথু এলিয়ট অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হেডিংলি ১৯৯৭
সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা-ভারত কলম্বো ১৯৯৭
স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া-ও. ইন্ডিজ ব্রিজটাউন ১৯৯৯
ইউনিস খান পাকিস্তান-ভারত লাহোর ২০০৬
ইয়ান বেল ইংল্যান্ড-দ. আফ্রিকা লর্ডস ২০০৮
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া-ও. ইন্ডিজ কিংস্টন ২০১৫