স্মিথের ইনিংসটাই শুধু স্বস্তি দিল কোহলিদের

ফিল্ডিংয়ে আজ ভারত খুব বেশি এমন মুহূর্তের দেখা পায়নিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা যে টি-টোয়েন্টি, স্টিভেন স্মিথ তা জানেন তো? ওয়ানডে সিরিজে সেঞ্চুরি তুলেছেন টি-টোয়েন্টির ঢঙে, আর টি-টোয়েন্টি সিরিজে এসে কি না ওয়ানডের ব্যাটিং! প্রশ্নটা তাই উঠতে পারে মজার ছলে।

তবে স্মিথের নিজের একটু খারাপ লাগতে পারে। তিনি আরেকটু দ্রুত রান তুললে, কে জানে দলীয় সংগ্রহ হয়তো ২০০ পারও হতে পারত!

সিডনিতে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ভারতকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ হারের শোধ তুলেছে ভারত।

অধিনায়ক অ্যারন ফিঞ্চ তৃতীয় ওভারে নির্ভেজাল শূন্য রানে আউট হওয়ার পর উইকেটে আসেন স্মিথ। আগের ম্যাচেও খুব ভালো না হলেও ৪৬ রানের ইনিংসের স্ট্রাইক রেট ১২১–এর আশপাশে ছিল।

কিন্তু আজ ২৪ রান করতে খেলেছেন ২৩টি বল, যেখানে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করছেন ৬২ বলে!

১০ম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে স্মিথ যখন আউট হলেন, দলের স্কোর তখন ২ উইকেটে ৭৯। অন্য প্রান্তে ম্যাথু ওয়েড ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত।

ওয়েড ও ম্যাক্সওয়েলের ব্যাটে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়ানোর আশা করার মতো স্কোর পেয়েছে অস্ট্রেলিয়া। ২ ছক্কা ও ৭ চারে ৫৩ বলে ৮০ রানের ভালো একটি ইনিংস খেলেছেন ওয়েড।

মন্থর ব্যাট করছেন স্মিথ
ছবি: টুইটার

তৃতীয় উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৫৩ বলে তাঁর ৯০ রানের জুটি অস্ট্রেলিয়ার ইনিংসের মূল ভিত। স্মিথের সঙ্গে ৪৮ বলে ৬৫ রানের জুটিতে ওয়েডের অবদান ৩৪। বল খেলেছেন স্মিথের চেয়ে কম।

দারুণ ফর্মে থাকা ম্যাক্সওয়েল খেলেছেন নিজের স্বভাবজাত ইনিংস। যুজবেন্দ্র চাহালকে ঘুরে ছক্কা মেরেছেন পেছনে অপেক্ষাকৃত ছোট লেগ অঞ্চলের বাউন্ডারি দিয়ে। ছিল রিভার্স সুইপে চার ও এগিয়ে এসে লং অন দিয়ে মারা ছক্কাও।

৩১ বলে ফিফটি তুলে নেওয়ার আগে শার্দুল ঠাকুরকে মিড উইকেট দিয়ে মারা ছক্কাটিও ছিল অবিশ্বাস্য শট। ৩ ছক্কা ও ৩ চারে শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে ৫৪ রান করেন ম্যাক্সওয়েল। অবশ্য তিনবার জীবনও পেয়েছেন তিনি।

শেষ ওভারে ১টি উইকেট নিলেও ১১ রান দেন পেসার নটরাজন। ৩৪ রানে ২ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর ভারতের সবচেয়ে সফল বোলার।

ভারতের হয়ে ২ উইকেট নেন নটরাজন
ছবি: টুইটার