স্মিথের তিনে তিন
বৃষ্টিও যেন ছিল স্টিভেন স্মিথের ‘রুটিন’ সেঞ্চুরির অপেক্ষায়।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্মিথের সেঞ্চুরি—বছর তিনেক ধরে ব্যাপারটা নিয়মিত ঘটছে। ২০১৪-তে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। এবার সামনে পাকিস্তান, তাতেও আটকাল না অস্ট্রেলিয়া অধিনায়কের সেঞ্চুরি। চতুর্থ দিনে কাল তাঁর সেঞ্চুরির এক বল পরই বৃষ্টি নামে। আর খেলাই হয়নি। স্মিথ দিন শেষ করলেন ঠিক ১০০ রানে, অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৪৬৫।
স্মিথের সেঞ্চুরির বাইরে কালকের আলোচিত ঘটনা উসমান খাজার সেঞ্চুরি না পাওয়া। ৯৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন খাজা, আর ২ রান যোগ করেই আউট! ধরে নিতে পারেন প্রতি টেস্টে অন্তত ফিফটি একটা করবেনই পিটার হ্যান্ডসকম্ব, যা করেছেন এই টেস্টেও। ক্রিকইনফো।
অন্য কোনো ভেন্যুতে দুটির বেশি সেঞ্চুরি নেই স্মিথের, মেলবোর্নে হয়ে গেল টানা তিনটি। যে কীর্তিতে তাঁর সঙ্গী হার্বার্ট সাটক্লিফ, বিল লরি, ইয়ান চ্যাপেল ও ম্যাথু হেইডেন। মেলবোর্নে এর বেশি টানা সাত সেঞ্চুরি করেছেন শুধু একজন—ডোনাল্ড ব্র্যাডম্যান!