
লক্ষ্য ৩০৬ রান। ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়েই ১৯২ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৯০ বলে করতে হবে ১১৪ রান। সাউদাম্পটনে পরশু জয়ের ছবিই আঁকছিল ইংল্যান্ড।
কিন্তু হলো উল্টোটাই। এরপরই মড়ক লাগল ইংল্যান্ডের ইনিংসে। ৩৬ ও ৩৭তম ওভার মিলিয়ে চার বলের মধ্যে ৩ উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত অলআউট ২৪৬ রানে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জিতে গেল ৫৯ রানে। ইংল্যান্ডের বিপক্ষে স্টিভেন স্মিথ যুগের সূচনা হলো জয় দিয়েই। ওয়ানডেতে এই নিয়ে মুখোমুখি হওয়া সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া।
ম্যাচটি গতিপ্রকৃতি পাল্টেছে দুই দলের ইনিংসের শেষ ১৫ ওভারে। প্রথম ৩৫ ওভার শেষে টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া করেছিল ৪ উইকেটে ১৯১ রান। এরপর আর ২ রান তুলতে আরও ২ উইকেট হারালেও ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের অবিচ্ছিন্ন জুটিতেই ৩০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেট ১১২ রান যোগ করেন ওয়েড-মার্শ। প্রথম রানটি পেতে ৯ বল খেলতে হলেও শেষ পর্যন্ত ৫০ বলে ৭১ রান করেন ওয়েড। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে ওয়েডের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। ৩৪ বলে ৪০ করেছেন মার্শ।
পরে ইংল্যান্ডের ইনিংসে তিনটি ক্যাচ নেওয়া ওয়েডের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। গত নভেম্বরের পর এই সফরেই অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ পাওয়া ওয়েড নির্বাচকদের একটা বার্তাও পাঠালেন, ফিরতে চান টেস্ট দলেও। ২০১৩ সালের অ্যাশেজে ব্র্যাড হাডিন ফিরে আসার আগে কিছু সময় তিন ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটকিপার ছিলেন ওয়েড। এখন হাডিন অবসরে, তাই জায়গাটা ফিরে পেতে পিটার নেভিলের সঙ্গে লড়াইয়ে নামাটাকেই পাখির চোখ করেছেন ওয়েড, ‘এটা ঠিক এই মুহূর্তে নেভই (নেভিল) প্রথম পছন্দ। আশা করছি আমি তার পেছনেই আছি। নেভ অ্যাশেজে খুব ভালো করেছে। তাই আমার ধারণা বাংলাদেশ সফরে সে-ই যাবে। তবে আমি কঠোর পরিশ্রম করে যাব।’
ম্যাচের পর ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান মেনে নিলেন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব, ‘আমাদের অবশ্য উন্নতির জায়গা আছে। বিশ্বের সেরা দলের চেয়ে আমরা এখনো অনেকটা পিছিয়ে।’
প্রথম ম্যাচের হার থেকে ইংলিশরা কী শিক্ষা নিল, সেটা বোঝা যাবে আজই। লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০৫/৬ (ওয়েড ৭১*, ওয়ার্নার ৫৯, বার্নস ৪৪, স্মিথ ৪৪, মার্শ ৪০*; রশিদ ৪/৫৯)। ইংল্যান্ড: ৪৫.৩ ওভারে ২৪৬ (রয় ৬৭, টেলর ৪৯, মরগান ৩৮; কোল্টার-নাইল ২/৩৯, ওয়াটসন ২/৩৯, কামিন্স ২/৪৮, স্টার্ক ২/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ৫৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু ওয়েড।