স্মিথের নেতৃত্বেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অধিনায়কের পালাবদলের সঙ্গে আবার বাংলাদেশের নামটা জড়িয়েই যাচ্ছে। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইকেল ক্লার্ক। আরেকটি বাংলাদেশ সফরের আগমুহূর্তে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল। এবার ক্লার্কের জায়গায় টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেওয়া হচ্ছে স্টিভেন স্মিথের কাঁধে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ব্যর্থতার দায় নিয়ে গত সপ্তাহে ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ক্লার্ক। জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকে শুরু হওয়া ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টই হবে তাঁর বিদায়ী ম্যাচ। শুধু অধিনায়কত্ব নয়, ক্যারিয়ারেরও ইতি টেনে দিচ্ছেন। ক্লার্কের বিদায়ের সঙ্গে নতুন অধিনায়ক কে হচ্ছেন, সে প্রশ্ন অবধারিতভাবে চলে এসেছিল সামনে। স্মিথের নামটি একপ্রকার অনুমিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটাই সারা হলো।
এরই মধ্যে অধিনায়কত্বে স্মিথের হাতেখড়ি হয়ে গেছে। গত ডিসেম্বরে ক্লার্কের চোটের কারণে ভারতের বিপক্ষে তিন টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। তিন টেস্টের একটিতে জয় ও ড্র হয়েছিল দুটিতে। সর্বশেষ দুটি টেস্ট বাদ দিলে এমনিতে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন ৩২ টেস্ট খেলা স্মিথ। অধিনায়ক হিসেবে খেলা ভারতের বিপক্ষে তিনটি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন তিনটিতেই। অধিনায়ক স্মিথ যেন আরও ভয়ংকর!
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাংলাদেশেই। স্মিথের নেতৃত্বেই ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয়টি। এই সফরে কেবল টেস্ট খেলেই চলে যাবে অস্ট্রেলিয়া।
অধিনায়কের নামটা নিশ্চিত থাকলেও সহ-অধিনায়ক কে হচ্ছেন এ নিয়ে কিছুটা জল্পনা ছিল। ৪২ টেস্ট খেলা ডেভিড ওয়ার্নারই পেলেন আস্থা ভোট। যদিও মাঠের বাইরে তাঁর কিছু কাণ্ডকীর্তি এ দায়িত্বে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তবে সিএর প্রধান নির্বাচক রডনি মার্শ বলেছেন, ‘ডেভিড অনেক পরিণত হয়েছে। অস্ট্রেলিয়া দলে নিজেকে গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড় হিসেবে দাঁড় করিয়েছে। অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, নেতৃত্বের ভার সে ভালোভাবেই সামলাবে।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।