স্মিথের পাশেই থাকছেন হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা তো তাঁর জন্য পুরস্কারই। গত একটা বছর ব্যাট হাতে বিরামহীন পারফরম্যান্সের পুরস্কার। ভারপ্রাপ্ত অধিনায়কত্ব হলেও ‘অধিনায়কত্ব’ তো! এর চেয়ে রোমাঞ্চের আর কী হতে পারে! অস্ট্রেলিয়ার ৪৫তম অধিনায়ক হিসেবে নিজের নাম শুনেই তাই উচ্ছ্বসিত স্টিভেন স্মিথ, তিনি দেশটির দ্বিতীয় তরুণতম অধিনায়কও বটে। এই গুরুদায়িত্ব তাঁকে যতটা দায়িত্ব পালনের দুশ্চিন্তায় কুঁকড়ে দিচ্ছে, তারচেয়ে বেশি গর্বিত করছে। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য মুখিয়ে আছি। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চাই।’
অধিনায়কত্বের ব্যাপারটি দারুণভাবেই উদ্বুদ্ধ করছে স্মিথকে। তবে তিনি কিছুটা অবাক একটু দ্রুতই এই দায়িত্ব পেয়ে যাওয়ায়। অধিনায়কত্ব হিসেবে দায়িত্ব পালনের ডাক যে তাঁকে বেশ অবাক করেছে, অকপটে সেটাও স্বীকার করেছেন তিনি, ‘এত তাড়াতাড়ি অধিনায়কত্ব পেয়ে যাব ভাবিনি। আমি বরাবরই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টস করতে নামার স্বপ্ন দেখেছি।’ স্মিথ আশাবাদী দলের সব সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে সহযোগিতা পেতে। ব্র্যাড হাডিনকেও তিনি মাঠে নিজের অভিভাবকই মানছেন, ‘এতে কোনো সন্দেহই নেই যে দেলর সব সিনিয়র খেলোয়াড় আমাকে সহযোগিতা করবে। আর ব্র্যাড হাডিনকে তো আমি মাঠে আমার পাশেই পাব।’
নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ককে এই সিরিজ থেকে সরিয়ে দিয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। তাঁর বদলি অধিনায়ক হিসেবে অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই আলোচিত হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হাডিনের নাম। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নাম ঘোষিত না হওয়ায় কী একটু নাখোশ হাডিন? স্মিথ অবশ্য বলেছেন, ‘প্রধান সির্বাচক রডনি মার্শের ফোনের সময় হাডিন আমার পাশেই ছিল। সে খুশিতে ফেটে পড়ে। আমাকে জড়িয়ে ধরে অভিনন্দিতও করেছে সে। সে আমাকে আশ্বস্ত করেছে, সিরিজের বাকি সময়টা সে আমার পাশে ছায়ার মতোই থাকবে। হাডিনের ক্রিকেট মস্তিষ্ক কিন্তু দারুণ। সে আমার পাশে থাকলে আর কিছুই লাগে না।’
অধিনায়ক হিসেবে নিজের পরিকল্পনাটারও বিশদ বর্ণনা দিয়েছেন স্মিথ, ‘আমি সব সময়ই আগ্রাসনে বিশ্বাস করি। আমার অধিনায়কত্বের ধরনও হবে ঠিক তেমনই। আমি আমার সতীর্থদের এ ব্যাপারটা জানিয়ে দিয়েছি।’
মাত্র ১৭ বছর বয়সেই স্কুল ছেড়েছিলেন স্মিথ। ক্রিকেটই ছিল তাঁর ধ্যানজ্ঞান। আনন্দময় সময়ের পুরোটাই ঢেলে দিয়েছেন ক্রিকেটে। কষ্টের ফল পেলেন মাত্র আট বছরের মাথায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পেয়ে।’