স্মিথের প্রশংসায় বাংলাদেশ আর মাহমুদউল্লাহ

এবার বিশ্বকাপে সত্যিই স্মরণীয় অনেকগুলো মুহূর্তের জন্ম দিয়েছে বাংলাদেশ। বিশ্বের শীর্ষস্থানীয় বার্তা সংস্থা এএফপির করা বিশ্বকাপের সেরা মুহূর্তের তালিকায় ছিল মাশরাফি-তাসকিনের সেই উদ্যাপন। তাতে ঠিক ব্যাটে-বলে লড়াইয়ের কীর্তির গৌরব লেখা নেই। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এই বিশ্বকাপে তাঁর স্মরণীয় দশটি মুহূর্ত বেছে নিয়েছেন। এর দুটোতেই আছে বাংলাদেশের কথা। একটি দলীয়, অন্যটি ব্যক্তিগত অর্জনে আলোকিত। দুটো মুহূর্তেরই জন্ম অবশ্য একই ম্যাচে।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই লেখায় দুজনের ব্যাটিংয়ের ভীষণ প্রশংসা করেছেন স্মিথ। একজন টানা চার সেঞ্চুরি করা সাঙ্গাকারা, অন্যজন মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর ১০৩ রানের ইনিংসটি বেছে নিয়ে স্মিথ লিখেছেন, ‘প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ বিশ্বকাপে সেঞ্চুরি করে, গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে। এই ইনিংসটাই সেই বিশ্বাস আর ভিত্তি এনে দেয়, মাঠে ইংল্যান্ডকে আক্রমণ করো আর শেষ পর্যন্ত অবিস্মরণীয় একটা জয় তুলে আনো।’
স্মিথের এর পরের মুহূর্তেই আছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জয়টির কথা। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ১৬ হাজার রানের মালিক লিখেছেন, ‘২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপে টিকে থাকা অনিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। এবার কিন্তু অনিশ্চিত নয়, ইংল্যান্ডকে একেবারে বাড়িই পাঠিয়ে দিল তারা। সবচেয়ে বড় কথা, এই জয় বাংলাদেশকে প্রথমবারের মতো নকআউট পর্বে তুলে এনেছে। যোগ্য হিসেবেই তারা সেখানে খেলেছে।’
স্মিথের বেছে নেওয়া সেরা দশ মুহূর্তের মধ্যে আছে ব্রেন্ডন ম্যাককালামের অধিনায়কত্ব, সাঙ্গার টানা চার সেঞ্চুরি, টিম সাউদির ৩৩ রানে নেওয়া ৭ উইকেট, ওয়াটসনকে করা ওয়াহাব রিয়াজের সেই স্পেল। আছে নিউজিল্যান্ডের প্রথমবারের মতো ফাইনালে উঠে আসাও। যদিও সেই ফাইনাল-যাত্রায় সেমিতে স্মিথের দল দক্ষিণ আফ্রিকাকেই হারিয়েছিল কিউইরা!