স্মিথের ফেবারিট ভারত!
‘আসল’ বিশ্বকাপটা পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টির ‘ছোট’ বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার হতাশার গল্প। ২০১০ সালে রানার্সআপ হওয়াটাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাফল্য। অস্ট্রেলীয়দের সামনে এবার সুযোগ অপূর্ণতা ঘোচানোর। তবে কাজটা যে কঠিন, তা ভালোভাবেই জানা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একরকম দুরূহই মানছেন স্মিথ।
স্মিথ ভারতকে ফেবারিট মেনেছেন সাম্প্রতিক রেকর্ড মনে রেখেই। কয়েক দিন আগে নিজেদের মাঠে ভারতের কাছে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার স্মৃতি তো টাটকাই।
আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার আগে সিডনি বিমানবন্দরে কাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানেই বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দিন যেকোনো দল বিপজ্জনক হয়ে উঠতে পারে। একজন খেলোয়াড়ই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। তবে আমি মনে করি ভারতের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন হবে। ওদের সঙ্গে দেশে তিনটি ম্যাচ খেলেই বুঝেছি ওরা শিরোপার বড় দাবিদার।’
তাই বলে নিজেদের সম্ভাবনাও কম দেখছেন না স্মিথ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটা এখনো জিততে পারিনি। ট্রফি জেতাটা দারুণ হবে, আমাদের লক্ষ্যও এটাই। ভারতের অচেনা পরিবেশে কাজটা কঠিন হবে। তবে যে দলটা আমি পেয়েছি তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, আমরা কাঁপিয়ে দিতে পারি।’
স্মিথের মতো ভারতকে ফেবারিট মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহও। দেশের মাটিতে খেলবে ভারত, এই যুক্তিতেই মহেন্দ্র সিং ধোনির দলকে এগিয়ে রাখছেন ওয়াহ, ‘ভারতের মন্থর উইকেট উপমহাদেশের দলগুলোকে অনেক সুবিধা দেবে। ভারতই সবচেয়ে ফেবারিট, তবে যেকোনো কিছু হওয়াই সম্ভব।’
১৮ মার্চ ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর আগে ৪, ৬ ও ৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে স্মিথের দল। রয়টার্স।