স্মিথের ফেরা নিয়ে প্রশ্ন
উত্তাল ঝড়ে কাঁপছে জাহাজ, এর মধ্যে কান্ডারি কি অন্য মাল্লাদের রেখে নেমে যেতে পারেন? স্টিভেন স্মিথকে এখন একরকম বাধ্য হয়েই সেই কাজ করতে হচ্ছে। টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অনেক সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারই প্রশ্ন তুলেছেন এই সিদ্ধান্ত নিয়ে।
প্রথম ওয়ানডেতে জিতে শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো উদ্যাপনের সুযোগ পেয়েছিলেন স্মিথরা। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ৮২ রানের পরাজয়ে অস্ট্রেলিয়া আবার সেই ব্যর্থতার বৃত্তে। সিরিজের আরও তিনটি ওয়ানডে বাকি, পরে হবে দুটি টি-টোয়েন্টিও। স্মিথ এই ম্যাচগুলো না খেলেই ফিরে যাচ্ছেন দেশে। এই সিরিজের পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার ঠাসা সূচি। আগামী মাসেই শুরু হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ, এরপর নিউজিল্যান্ডকেও আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। লম্বা সফরের আগে স্মিথ বিশ্রাম নিতেই ফিরে যাচ্ছেন দেশে। স্মিথের জায়গায় শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কের কাজ চালিয়ে নেবেন ডেভিড ওয়ার্নার।
এ মুহূর্তে স্মিথ অস্ট্রেলিয়ার তিন সংস্করণেরই অধিনায়ক। বাড়তি অনেক চাপও নিতে হচ্ছে তাঁকে। দেশের মাটিতে নিজের সেরাটা দেওয়ার জন্যই শ্রীলঙ্কায় পুরো সিরিজ খেলছেন না বলে জানিয়েছেন স্মিথ, ‘সামনে আমাদের খুব ঠাসা সূচি। আমি তিন সংস্করণেই খেলতে চাই, নিজের সামর্থ্যের সেরাটাই ঢেলে দিতে চাই।’ প্রধান নির্বাচক রডনি মার্শও এটি নিশ্চিত করেছেন, ‘পরের ১২ মাসে স্মিথের ওপর দিয়ে অনেক ঝড় যাবে, আমরা তাই ওকে একটু বিশ্রাম দেওয়ার সুযোগ খুঁজছিলাম।’
মাঝপথে স্মিথের ফিরে যাওয়ার সিদ্ধান্তকে সবাই কিন্তু স্বাগত জানাচ্ছেন না। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক যেমন স্পষ্ট করেই বলে দিলেন, ‘আমি চাইছিলাম অধিনায়ক যেন শেষ পর্যন্ত খেলে সিরিজ জিতেই ফিরে আসে। আর ও যদি বিশ্রামই নিতে চাইত তাহলে টেস্টের পর পরই নিতে পারত।’ সাবেক ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটারের কণ্ঠেও একই সুর, ‘স্মিথের অবশ্যই শেষ পর্যন্ত থাকা উচিত ছিল।’
স্মিথকে আবার সইতে হচ্ছে সমালোচনাও। শেন ওয়ার্ন যেমন টুইটারে একদম চাঁছাছোলা ভাষায় বলেছেন, ‘অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দল নিয়ে আমি একদমই খুশি নই। এমন সব গড়পড়তা ক্রিকেটার আছে যারা কোনো কাজই ঠিকমতো পারে না। স্মিথ অবশ্য বলেছেন, দল নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। কিন্তু সেটা কি তাঁর মনের কথা? এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।