স্মিথের ভান্ডারে আছে স্লেজিংও

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে উত্তেজনার রেণু উড়ছে আরও আগে থেকেই। পরশু রাতে ভারতে পা রেখে উত্তেজনার সেই পারদ আরও চড়িয়ে দিয়েছেন স্টিভেন স্মিথ। যুদ্ধজয়ের জন্য তিনি আর তাঁর সতীর্থরা যেকোনো কিছুই করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। গোছানো বোলিং, ভালো ব্যাটিং তো আছেই; প্রতিপক্ষকে ঘায়েল করতে অস্ট্রেলিয়ানদের অন্যতম বড় অস্ত্র ব্যবহার করতেও নাকি তারা দ্বিধা করবে না। সেই অস্ত্রের নাম স্লেজিং!
ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট লড়াই এমনই ঝাঁজালো যে তাতে কথার যুদ্ধ যোগ হওয়াটাও অবশ্যম্ভাবী। ২০০৮ সালে যেমন মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছিল ‘মাঙ্কিগেইট’ বিতর্ক। ২০১৫ বিশ্বকাপের আগে ভারতের অস্ট্রেলিয়া সফরেও উত্তাপ চরমে গিয়ে ঠেকেছিল। মাঠে দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। এর জেরে দুই দলের কয়েকজন খেলোয়াড় শাস্তিও পেয়েছিলেন।
সিরিজ শুরুর দেড়-দুই মাস আগে থেকেই যে রকম উত্তাপ ছড়ানো শুরু করল, এবারও কি তাহলে সে রকম কিছু ঘটতে যাচ্ছে? ২০০৪ সালের পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে আশা স্মিথ মুম্বাইতে সাংবাদিকদের যেন সে রকমই ইঙ্গিত দিতে চাইলেন, ‘আমি মনে করি, আমাদের প্রত্যেক খেলোয়াড়ই নিজের খেলাটা খেলবে। কথার লড়াইয়ে জড়িয়ে তাদের মধ্য থেকে যদি সেরাটা বেরিয়ে আসে, তাহলে তারা তা-ই করবে।’
নয় বছর আগে সিডনি টেস্টে এমনই এক কথার লড়াই শঙ্কায় ফেলে দিয়েছিল সিরিজটাকেই। ভারতের অফ স্পিনার হরভজন সিং অস্ট্রেলিয়ার অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলেছিলেন। শাস্তি হিসেবে হরভজনকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। হরভজনের বিরুদ্ধে ভুল অভিযোগ তোলার দাবি জানিয়ে সফর বাতিলের হুমকি দিয়েছিল ভারত। পরে তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
স্মিথ অবশ্য অতীতের এসব ঘটনা মনে করতে চান না। মনে করতে চান না অস্ট্রেলিয়া দলের কেউই। স্মিথদের মনোযোগ শুধুই ২৩ ফেব্রুয়ারি থেকে পুনে টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজে, ‘আগামী ছয়টি সপ্তাহ নিয়ে দলের সবাই রোমাঞ্চিত। ভারতের মাটিতে খেলা বড় এক চ্যালেঞ্জ।’ এএফপি।