স্মিথের মধ্যে কিছু একটা দেখেন ওয়াহ
অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন গত বছর ভারত সিরিজেই। তবে অস্ট্রেলিয়ায় স্টিভেন স্মিথ যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চার দিন পর। নিউজিল্যান্ডের সঙ্গে অধিনায়ক স্মিথ কতটুকু কী করতে পারবেন, সেটা সময়ই বলবে। তবে পূর্বসূরি স্টিভ ওয়াহর কথাটা স্মিথের আত্মবিশ্বাসের পালে আরেকটু হাওয়া দেবে।
শুধু স্মিথ যুগের শুরু বলে নয়, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য আরেক দিক দিয়েও নতুন যুগ। ক্লার্ক, হাডিন, ওয়াটসন, রজার্স, হ্যারিস—এত দিনের চেনা এই মুখগুলো অবসরে। স্মিথের কাছ থেকে সাফল্য পাওয়ার জন্য ওয়াহ তাই একটু ধৈর্যই ধরতে বলছেন, ‘আমার মনে হয় ওর ছয় মাসের মতো সময় লাগবে। এখন দলে নতুন অনেকে আসছে, বিশেষ করে ব্যাটসম্যানরা। তাদের তো আগে থিতু হতে হবে। তাকে (স্মিথকে) খেলোয়াড়দের চিনতে হবে, আমার মনে হয় এক বছরের মধ্যেই আমরা দারুণ একজন অধিনায়ককে দেখতে পাব।’
অধিনায়ক হওয়ার জন্য আলাদা একটা মানসিকতা লাগে। বিশেষ করে ওয়াহ, পন্টিং, ক্লার্কদের উত্তরসূরি হওয়ার জন্য তো বটেই। ওয়াহর বিশ্বাস, স্মিথের সেই ব্যাটনটা বইবার ক্ষমতা আছে, ‘স্মিথের মধ্যে আমি দারুণ একজন অধিনায়ককে দেখতে পাচ্ছি। ওর ভেতরে কিছু একটা আছে, সে সব সময় ভালো করতে চায়। অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটের এক নম্বরে নিয়ে যেতে চায়।’
টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা নিয়ে জো রুটের সঙ্গে একটা লুকোচুরি খেলা চলছে স্মিথের। ওয়াহ বলছেন, ব্যাটসম্যান হিসেবে স্মিথের এই উন্নতি তাঁকে অধিনায়ক হিসেবেও সাহায্য করবে, ‘খেলোয়াড় হিসেবে সে এরই মধ্যে অনেক চড়াই-উতরাই পেরিয়েছে। প্রথম জাতীয় দলে আসার পর এক বছর বেশ সংগ্রাম করেছে। এখন সে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। খেলোয়াড় হিসেবে সে খুবই দ্রুত শিখেছে, আমার মনে হয় অধিনায়ক হিসেবেও সে তা-ই শিখবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।