স্মিথের মন্তব্যে 'অবাক' স্টিভ ওয়াহ

স্টিভ স্মিথের এমন মন্তব্যে রীতিমতো বিস্মিত, বিরক্ত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ওয়েব পোর্টাল ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল ‘অনুশীলনে দক্ষ নয়’—এমন মন্তব্য স্মিথের করা উচিত হয়নি বলেই অভিমত ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের।
এবারের অ্যাশেজে স্মিথের পারফরম্যান্স অবিশ্বাস্য। এর আগেও অস্ট্রেলীয় অধিনায়কের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে সংবাদ সম্মেলনে এসে নিজের কথাবার্তায় তাঁর আরও একটু সতর্ক থাকা প্রয়োজন বলেই অভিমত ওয়াহর, ‘আমি জানি না স্মিথ ম্যাক্সওয়েলকে নিয়ে কেন এই কথা বলেছে। যদি কোনো কারণও থেকে থাকে, সবার সামনে একজন সতীর্থকে নিয়ে এমন মন্তব্য না করাই উচিত। এটার কোনো প্রয়োজন ছিল বলেও আমি মনে করি না।’
অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেই ম্যাক্সওয়েল। এটার কারণ আছে। সীমিত ওভারের ক্রিকেটে ম্যাক্সওয়েল যতটা কার্যকর, টেস্টে ততটা নন। ক্রিকেটের ধ্রুপদি সংস্করণে তাঁর গড় মাত্র ২২। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে তাঁর বাদ পড়ার ব্যাখ্যা দিতে হয়েছে অধিনায়ক স্মিথকে। সেখানে ম্যাক্সওয়েল সম্পর্কে নেতিবাচকই ছিল তাঁর মনোভাব, ‘সে যেভাবে অনুশীলন করে, আমার মনে হয় দলে থাকার জন্য তাঁর অনুশীলনটা আরও বেশি দক্ষতার সঙ্গে হওয়া উচিত। ব্যাটিংয়ের সময় সে কিছু অদ্ভুত শট খেলে। এসব শট দেখতে খুব ভালো, সন্দেহ নেই। কিন্তু সেই অদ্ভুত শটগুলো ছেড়ে সে যদি কেবল ব্যাটিংটাই ঠিকমতো করে, তাহলে কিন্তু সেটা চোখের জন্য খুব ভালো হয়।’
ওয়াহ মনে করেন স্মিথ এসব বলে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন, ‘স্মিথের বোঝা উচিত এসব কথা বললে দলের সঙ্গে একজন অধিনায়কের সম্পর্ক খারাপ হয়। এসব মন্তব্য শুনলে মনে হবে ম্যাক্সওয়েল যথেষ্ট পেশাদার নয়। এটা ভুল বার্তা দেয়।’