স্মিথের মুখে অস্ট্রেলীয় পিচের সমালোচনা

৫ ম্যাচে ৩১৫৯ রান। দুই দলের ১১টি সেঞ্চুরি, উইকেট পড়েছে ৬১টি। রানবন্যার এক ওয়ানডে সিরিজ!
উপমহাদেশের কোনো উইকেটে নয়, রানের বন্যা বয়ে গেছে অস্ট্রেলিয়ার গ্যাবা, ওয়াকার মতো পিচে! একটা সময় যে পিচগুলো ব্যাটসম্যানদের শিরদাঁড়ায় ভয়ের শীতলস্রোত বইয়ে দিত, যে পিচগুলোকে দেখা হতো ব্যাটসম্যানদের বধ্যভূমি, চরিত্র বদলে সেই পিচই এখন বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছে ব্যাটসম্যানদের দিকে। বোলাররা যেন সৎভাই!
এই বিষয়টিই ভাবাচ্ছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে। গত পরশু ভারতের কাছে সিরিজ শেষ ম্যাচটি হেরে ফেরার পরই অস্ট্রেলিয়ার পিচগুলোর সমালোচনা করেছেন স্মিথ। গ্যাবা ও ওয়াকার মতো পিচগুলোর সাবেক চরিত্র ফিরিয়ে আনার দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার ২৬ বছর বয়সী অধিনায়ক।
সিরিজে ৪-১ ব্যবধানে হারালেও ভারতের রানের বানে খুব একটা বাঁধ দিতে পারেনি অস্ট্রেলিয়া। একটা কারণ অবশ্যই নিজেদের অনভিজ্ঞ বোলিং, তবে এটির চেয়েও বড় কারণ পিচ। গত ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজেও ব্যাটিং-সহায়ক ছিল অস্ট্রেলিয়ার পিচগুলো, যেটির ধারাবাহিকতা থাকল এই সিরিজেও। এতে ব্যাট-বলের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে।
স্মিথের হতাশাও এখানে। সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলীয় অধিনায়ক বললেন, ‘পাঁচ ওয়ানডেতেই ৩ হাজার রান! অসাধারণ, তাই না? তবে এর চেয়ে বেশি হতাশ করছে আমাদের উইকেটগুলোর চরিত্র। গ্যাবা ও ওয়াকাতে প্রথাগত দ্রুতগতির বাউন্সি পিচই দেখতে চাই আমি, যেটিতে আমরা অভ্যস্ত। পিচগুলোকে অনেক ধীরগতির ও ব্যাটিং-সহায়ক মনে হয়েছে।’
ভারতের সঙ্গে সিরিজে শুধু সিডনির পিচটাই কিছুটা বোলিং-সহায়ক ছিল। তবে স্মিথের জন্য আশঙ্কার ব্যাপার, একমাত্র এ ম্যাচটিই হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় অধিনায়ক অবশ্য পরাজয়কে দেখছেন শেষ ২ ওভারে নিজেদের ব্যাটিংয়ের ভুল আর ক্যাচ ছাড়ার মাশুল হিসেবেই। বোলারদের পারফরম্যান্সে স্মিথ বরং বেশ খুশি, ‘সিরিজে বোলারদের পারফরম্যান্সে আমি খুশি। ওরা গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে এসেছে। কয়েকজন বোলার এখনো তরুণ, অনভিজ্ঞ।’ পিচ ‘ভালো’ হলে বোলিং আরও ভালো হতো বলেই মনে করেন স্মিথ, ‘আদর্শ অবস্থায় বলতে গেলে আমাদের ফাস্ট বোলাররাই বিশ্বের সেরা। ফাস্ট, বাউন্সি উইকেট পেলে ওরা খুশিই হতো, যা এই মুহূর্তে নেই।’
স্মিথদের জন্য খুশির খবর, আগামী মৌসুম থেকে পুরোনো পিচগুলোকে ‘সবুজ, গতিময়, ভয়ংকর’ রূপে ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।