
চারে চার স্টিভ স্মিথ: অ্যাডিলেড ১৬২*, ব্রিসবেন ১৩৩, মেলবোর্ন ১৯২, সিডনি ১১৭
ড্যানিয়েলে উইলিসের মুখে যখন হাসি, স্টিভেন স্মিথের তখন মন ভার!
এমনিতেই দুজনের সুখ-দুঃখ, হাসি-কান্না এক সুতোয় গাঁথা। স্মিথকে নেতৃত্বে দেওয়ার সময় বিবেচনায় নেওয়া হয়েছে উইলিসের সঙ্গে দীর্ঘ সম্পর্কও। নিজ ঘরে শান্তি না থাকলে তো দেশকে নেতৃত্ব দেওয়া মুশকিল! অধিনায়কের ব্যক্তিগত জীবনটা স্থিতিশীল হওয়া জরুরি। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদানের গল্প এখানেও। স্মিথের ক্যারিয়ার যে নাটকীয় মোড় নিয়েছে গত দুই বছরে তাতে বড় ভূমিকা উইলিসের। মানসিক প্রশান্তি আর সম্পর্কের রসায়ন তো আছেই, আইনের ছাত্রী প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে স্মিথকে নিয়ে লেগে থাকেন নেটে। নিজে থাকেন বোলিং মেশিনের পেছনে, স্মিথ একটা বাজে শট খেললেই কড়া ধমক। ঠিক করা না পর্যন্ত নিস্তার নেই!
সেই স্মিথ যখন কাল ছুঁলেন আরেকটি সেঞ্চুরি, গ্যালারিতে উইলিসের মুখে ভুবন ভোলানো হাসি। কিন্তু স্মিথের মনে তখন যে শুধুই ফিল হিউজ! সিডনির মাঠে বড় করে ‘৪০৮’ লেখা নেই যে অ্যাডিলেডের মতো ছুটে যাবেন সেখানে। তবে আকাশপানে তাকিয়ে, ব্যাট উঁচিয়ে ধরলেন সেদিকেই। মুখে হাসি নেই। হিউজের মৃত্যুমঞ্চে তো আর হাসা যায় না, উৎসর্গ করা যায় সাফল্য!
স্মিথের সেঞ্চুরি অবশ্য আলাদা করে বলার কিছু নেই, নামলেই সেঞ্চুরি করছেন! ক্রিকেট পরিসংখ্যানজীবী আর পরিসংখ্যানপ্রেমীদের জন্য কাল ছিল ব্যস্ত একটি দিন। কত কত অর্জন আর কত হাতছানি! যথারীতি এ সবকিছুর কেন্দ্রেও স্মিথ। সিরিজের চার টেস্টের প্রতিটিতেই সেঞ্চুরি করলেন, চার বা ততোধিক টেস্টের সিরিজে যে কীর্তি আছে শুধুই আর জ্যাক ক্যালিসের। এক সিরিজে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির হাতছানি আছে এখনো, যেটি করেছেন শুধু ক্লাইড ওয়ালকট। সিরিজে স্মিথের রান এখন ৬৯৮, আর ১৭ রান করলেই ছোঁবেন ডান ব্র্যাডম্যানকে। ভারতের বিপক্ষে একটিই সিরিজ খেলেছিলেন স্যার ডন, ১৯৪৭-৪৮ সালে সেই সিরিজে ৫ টেস্টে ৭১৫ রান ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। টানা ৬ টেস্টে সেঞ্চুরি করে আরেক জায়গায় ব্র্যাডম্যানকে ছোঁয়ার হাতছানি থাকছে পরের টেস্ট সিরিজে। ছোটখাটো বাকিগুলোর প্রসঙ্গ আপাতত রেকর্ড বইয়েই থাকুক।
ম্যাচের প্রেক্ষাপটে স্মিথের সঙ্গে ছিলেন সতীর্থরাও। সামির শর্ট বলে ছক্কা মারতে গিয়ে সেঞ্চুরিটা পাওয়া হয়নি শেন ওয়াটসনের। তবে ৮১ রানের লড়িয়ে ইনিংসে পরের সিরিজের জন্য জায়গাটা নিশ্চিত করতে পেরেছেন। গত টেস্টে ৯৯ রানে রানআউট হওয়া শন মার্শ দুর্দান্ত টাইমিংয়ের প্রদর্শনী মেলে ধরেছেন কালও। দ্বিতীয় টেস্ট খেলতে নামা জো বার্নস পায়ের নিচে মাটি পেয়েছেন প্রথম ফিফটিতে। শেষ দিকে রায়ান হ্যারিসের ছোট্ট ঝড়। ভারতীয় বোলারদের স্বস্তি দিয়েছে স্মিথের ইনিংস ঘোষণা। সামির ৫ উইকেট তাঁর প্রচেষ্টার পুরস্কার। তবে সব উইকেটই উপহার পাওয়া।
সিরিজের অন্যতম সেরা ব্যাটসম্যান মুরালি বিজয়কে প্রথম ওভারে হারিয়ে ভারতের শুরু। তবে নড়বড়ে শুরুর পর বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য যথেষ্টই ভালো। কিন্তু অস্ট্রেলিয়ার জবাব দিতে হলে ভারতীয় ব্যাটসম্যানদের আজ হতে হবে আরও ভালো! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া ১ম ইনিংস
(প্রথম দিন শেষে ৩৪৮/২; ওয়াটসন ৬১*, স্মিথ ৮২*)
রান বল ৪ ৬
ওয়াটসন ক অশ্বিন ব সামি ৮১ ১৮৩ ৭ ০
স্মিথ ক ঋদ্ধিমান ব যাদব ১১৭ ২০৮ ১৫ ০
মার্শ ক ঋদ্ধিমান ব সামি ৭৩ ১১৬ ৯ ১
বার্নস ক রাহুল ব সামি ৫৮ ১১৪ ১০ ০
হাডিন অপরাজিত ৯ ১১ ০ ১
হ্যারিস ক অশ্বিন ব সামি ২৫ ৯ ৫ ০
অতিরিক্ত (লেবা ৬, ও ৭) ১৩
মোট (১৫২.৩ ওভারে, ৭ উইকেটে ডি.) ৫৭২
উইকেট পতন: ২-২০৪, ৩-৪০০, ৪-৪১৫, ৫-৫২৯, ৬-৫৪৬, ৭-৫৭২।
বোলিং: ভুবনেশ্বর ৩৪-৫-১২২-০, যাদব ২৭-৫-১৩৭-১ (ও ২), সামি ২৮.৩-৩-১১২-৫ (ও ১), অশ্বিন ৪৭-৮-১৪২-১, রায়না ১৬-৩-৫৩-০।
ভারত ১ম ইনিংস
বিজয় ক হাডিন ব স্টার্ক ০ ৩ ০ ০
রাহুল ব্যাটিং ৩১ ৭১ ২ ০
রোহিত ব্যাটিং ৪০ ৭৬ ৩ ২
মোট (২৫ ওভারে, ১ উইকেটে) ৭১
উইকেট পতন: ১-০।
বোলিং: স্টার্ক ৬-২-১৭-১, হ্যারিস ৭-১-১৭-০, হ্যাজলউড ৪-১-১৪-০, লায়ন ৮-১-২৭-০।