
কালকের সকালটার দিকে ফিরে তাকিয়ে মহেন্দ্র সিং ধোনি কি এখনো অবিশ্বাসে চোখ কচলাচ্ছেন? কী ভোজবাজির মতোই না বদলে গেল দৃশ্যপট! আগের দিনের স্কোরের সঙ্গে ২৬ রান যোগ হতেই অস্ট্রেলিয়ার আরও ২ উইকেট নেই। স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৪৭। প্রথম ইনিংসে ভারতই তাহলে লিড নিচ্ছে, শেষ ৪ উইকেটে আর কত দূরই বা যাবে অস্ট্রেলিয়া!
কত দূর? রানে অনুবাদ করলে ‘মাত্র’ ২৫৮! অধিনায়কের ভূমিকায় অভিষেক ইনিংসেই সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ, তবে ভারতীয় বোলিং দুমড়েমুচড়ে দেওয়ার কাজটা করলেন মূলত অস্ট্রেলিয়ান বোলাররাই। মিচেল জনসনের টেস্ট সেঞ্চুরি আছে, তাঁকে তাই নির্ভেজাল বোলার বলা কঠিন। তার পরও আসল পরিচয় তো বোলারই। তা অস্ট্রেলিয়ার চার বোলার মিলে রান করলেন ১৯৫। চা-বিরতির পরপর অস্ট্রেলিয়ার ইনিংস যখন শেষ হলো, উল্টো তারাই এগিয়ে ৯৭ রানে। তৃতীয় দিন শেষে মুরালি বিজয়ের উইকেট হারিয়ে ব্যবধানটাকে ২৬ রানে নামিয়ে এনেছে ভারত। গ্যাবায় নাটকের পরিণতির একটা আভাস হয়তো মিলে যাবে আজই।
মিচেল জনসন ব্যাটিং করতে নামার পর রোহিত শর্মার সঙ্গে তাঁর কিছু ‘কুশলবিনিময়’ হয়েছে। সেটাই হয়তো উদ্দীপ্ত করে থাকবে তাঁকে। হাডিনকে শর্ট বলে বধ করা গেছে বলে ভারতীয় পেসাররা সেটিকেই অস্ত্র বানালেন। জনসন জবাব দিলেন দুর্দান্ত সব পুলে। মাত্র ৩৭ বলে হাফ সেঞ্চুরিতে ৮টি চার। ইশান্ত শর্মার বলে কট বিহাইন্ড হওয়ার আগে করেছেন ৮৮ রান। নতুন অধিনায়কের সঙ্গে ১৪৮ রানের জুটি গ্যাবায় সপ্তম উইকেটে নতুন রেকর্ড।
জনসনের উইকেটটি পাওয়ার পর ইশান্ত শর্মা দুই হাত জোড় করেছিলেন। সেটিকে মনে হলো প্রতীকী। ইশান্ত বা ভারতের যন্ত্রণা যদিও সেখানেই শেষ নয়। এক ‘মিচ’ গেলেন, নামলেন আরেক ‘মিচ’—মিচ স্টার্ক। তাঁর ব্যাটেও ঝোড়ো হাফ সেঞ্চুরি। লায়ন ও হ্যাজলউডও দিব্যি দাঁড়িয়ে গেলেন। দিন শেষে স্টিভ স্মিথ মিটিমিটি হেসে বললেন, ‘আপনার লেজ এমন ব্যাট করলে সেটি প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হতে বাধ্য।’
স্টিভ স্মিথের হাসার আরও অনেক কারণ ছিল। এর একটা তো অবশ্যই নিজের কীর্তির জন্য। অপ্রত্যাশিত অধিনায়কত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন, তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। সেটিই দিলেন ১৩৩ রানের দারুণ ইনিংস খেলে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি আছে আরও নয়জনের। তবে স্মিথের আগে প্রথম ইনিংসে তা করতে পেরেছেন মাত্র চারজন—মন্টি নোবল, ক্লেম হিল, লিন্ডসে হ্যাসেট ও গ্রেগ চ্যাপেল।
গত বছর আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন স্টিভ স্মিথ। সেই থেকে শুরু করে ১৩ টেস্টে ৬টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। অ্যাডিলেডে দুই ইনিংসে ১৬২ ও ৫২ রান করে অপরাজিত ছিলেন। অবশেষে স্মিথকে আউট করার ‘অসাধ্য’ কাজটা সম্ভব করলেন ইশান্ত শর্মা। সিরিজে ৭০৪ মিনিট ব্যাটিং করার পর প্রথম আউট হলেন স্মিথ। এএফপি ও ক্রিকইনফো।