স্মিথের সঙ্গে লোয়ার অর্ডারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর স্মিথের উচ্ছ্বাস l ছবি: ক্রিকইনফো
সেঞ্চুরির পর স্মিথের উচ্ছ্বাস l ছবি: ক্রিকইনফো

অধিনায়ক হিসেবে দুর্দান্ত অভিষেক, ব্রিসবেন টেস্টে সামনে থেকে নেতৃত্বদান—এসবের পরও বক্সিং ডে টেস্ট শুরুর আগে মেলবোর্নের একটা স্থানীয় দৈনিকে লেখা হলো, স্টিভেন স্মিথ সম্প্রতি এত সাফল্য পাচ্ছেন, কিন্তু মেলবোর্নে তো কখনো কিছু করতে পারেননি! অস্ট্রেলিয়ার ক্রিকেট-তীর্থে এর আগে তিনটি ইনিংস খেলেছেন স্মিথ, কখনো পঞ্চাশই পেরোতে পারেননি। কথাটা তাই সত্যিই ছিল।
ছিল বলতে হচ্ছে, কারণ এখন আর সেটি সত্যি নয়। ওপরে মেলবোর্নের রৌদ্রোজ্জ্বল নীলাকাশ, নিচে নখদন্তহীন ভারতের বোলিং-ফিল্ডিং আর গ্যালারিতে প্রায় ৫১ হাজার দর্শককে সাক্ষী রেখে কাল সেই অপ্রাপ্তিটাও ঘোচালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হাফ সেঞ্চুরি পেরিয়েছিলেন আগের দিনই, কাল পেলেন সেঞ্চুরিও। দেড় শ ছাড়ানোর পর একসময় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাকেও মনে হচ্ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত সেটা হয়নি, উমেশ যাদবের বলে বোল্ড হয়ে থামলেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান আগে। কিন্তু অধিনায়কের অসাধারণ ইনিংসে অস্ট্রেলিয়া ততক্ষণে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে। প্রথম ইনিংসেই ৫৩০ রানের পাহাড়ে চাপা পড়ার পর দিন শেষে শিখর ধাওয়ানের উইকেটের বিনিময়ে ব্যবধানটা ১০৮ রান কমিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এ বছর টেস্টে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ শতাধিক রানের ইনিংস হলো ভারতের বিপক্ষে।
অথচ আগের দিন ২১৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর প্রথম ইনিংসে হয়তো তিন শর আশপাশেই অস্ট্রেলিয়াকে বেঁধে রাখার কথা ভাবছিল ভারত। কিন্তু তাদের হতাশ করে ষষ্ঠ উইকেটে ব্র্যাড হাডিনের সঙ্গে ১১০ রানের জুটি গড়েছেন স্মিথ, সপ্তম উইকেটে মিচেল জনসনের সঙ্গে ৫০ এবং অষ্টম উইকেটে রায়ান হ্যারিসের সঙ্গে তুলেছেন ১০৬! মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে ব্রিসবেনে অধিনায়কত্ব পাওয়ার পর এখন পর্যন্ত তিন ইনিংসে স্মিথ করেছেন ২৯৪ রান। অধিনায়ক হিসেবে প্রথম তিন ইনিংসে এর চেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার আর কেউ করতে পারেননি। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে দুই সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ানও তিনি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম। তাঁর আগে এ কীর্তি আছে কেবল জ্যাকি ম্যাকগ্লিউ, বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও অ্যালিস্টার কুকের। স্মিথ নিজে খেলেছেন, খেলতে সাহায্য করেছেন তাঁর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরও। অস্ট্রেলিয়ার ‘লেজ’ আবারও কতটা ভুগিয়েছে ভারতকে তার প্রমাণ পাওয়া যাবে ছোট একটা পরিসংখ্যানেই। স্মিথ বাদে অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান জোগান দিয়েছেন ১৫৪ রান, শেষ পাঁচজন ১৬৮ রান! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।