স্মিথের সেঞ্চুরি

স্টিভেন স্মিথের সেঞ্চুরি বিশ্বকাপ সেমিফাইনালে চলছে অস্ট্রেলিয়ার দাপট। তিন নম্বরে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিংয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ড মাতিয়েছেন স্টিভেন স্মিথ। ৯৩ বলে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে তাঁর ১০৫ রানের ইনিংসটি ভারতীয় বোলারদের নাভিশ্বাসই তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত উমেশ যাদব তাঁর দ্বিতীয় স্পেলে বল করতে এসে স্মিথের হাত থেকে নিষ্কৃতি মিলিয়েছেন তাঁর দলের।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৫ ওভার শেষে ২ উইকেটে ২০৬।
স্টিভেন স্মিথ ফিরে গেছেন। কিন্তু ভারতীয়দের জন্য এখনো হুমকি হয়ে আছেন অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে হারিয়ে ফেলা ফিঞ্চ অপরাজিত আছেন ৭৩ রানে। ডেডিভ ওয়ার্নারের বিদায়ের পর স্মিথকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ১৮২ রানের অনন্য এক জুটি। এই জুটি শুরুর বিপদ কাটিয়ে দলকে দিয়েছে বড় সংগ্রহের নির্ভরতা।