স্মিথের সেঞ্চুরি, জিততে রেকর্ড গড়তে হবে ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর স্টিভেন স্মিথের উদ্‌যাপন। ছবি-এএফপি
সেঞ্চুরির পর স্টিভেন স্মিথের উদ্‌যাপন। ছবি-এএফপি

রবীন্দ্র জাদেজার বলটা ডিপ কাভারে পাঠিয়েই দৌড় শুরু করলেন। এক রান সহজেই হয়। কিন্তু স্টিভেন স্মিথ একটু ঝুঁকি নিয়েই দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন। হয়েও গেল। যে দুই রান দিয়েই তিন অঙ্কে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি, ভারতের মাটিতে প্রথম। কিন্তু শুধু এ কারণে নয়, এ সেঞ্চুরিটাকে স্মিথ হয়তো আলাদা করে রাখবেন অন্য একটা কারণেও। যে উইকেটে প্রথম দিনের প্রথম ওভার থেকে বল বিশাল বাঁক নিচ্ছে, যেখানে ব্যাট করা কঠিন ঠেকছে স্বাগতিক ভারতের ব্যাটসম্যানদের কাছেও, সেখানেই কী দারুণ খেললেন স্মিথ!
এ সেঞ্চুরির যে আলাদা মূল্য তাঁর কাছে, সেটি বোঝা গেছে স্মিথের উদ্‌যাপন দেখেও। তিন অঙ্কে পৌঁছেই লাফিয়ে উঠেছেন, যেন বাঁধনহারা আনন্দ পেয়ে বসেছিল। সেঞ্চুরি করার পর অবশ্য আর বেশিক্ষণ টেকেননি স্মিথ। তিন ওভার পরে জাদেজার বলেই ফিরে গেছেন এলবিডব্লু  হয়ে। তাঁর নামের পাশে তখন ১০৯ রান। অধিনায়কের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়াও পেয়ে গেছে পাহাড়সম লিড। তৃতীয় দিন প্রথম সেশনে অলআউট হয়েছে ২৮৫ রানে। সঙ্গে আগের ইনিংসের ১৫৫ রানের লিড। জিততে হলে চতুর্থ ইনিংসে ৪৪১ রান করতে হবে ভারতকে। ভারতের মাটিতে তো বটেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসেই চতুর্থ ইনিংসে এত রান করে জেতার রেকর্ড নেই কোনো দলের।
৫৯ রানে অপরাজিত থেকে দিনটা শুরু করেছিলেন স্মিথ। অবশ্য গতকালই ভারতীয় ফিল্ডারদের বদান্যতায় তিনবার জীবন পেয়েছেন। ২৩ রানে তাঁর ক্যাচ ফেলেছেন মুরালি বিজয়। ২৯ ও ৩৭ রানে তাঁকে আরও দুইবার জীবন দিয়েছেন বদলি ফিল্ডার অভিনব মুকুন্দ। ভাগ্যাহত বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা।
আজ সকাল থেকে অবশ্য বেশ স্বচ্ছন্দে খেলছিলেন স্মিথ। ভারতের বিপক্ষে এটি তাঁর টানা পঞ্চম সেঞ্চুরি। আগের চারটি সেঞ্চুরি ছিল দেশের মাটিতে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে, ২০১৫ সালে। ভারতের বিপক্ষে তাঁর ক্যারিয়ার রেকর্ডও অসাধারণ। ১৪ ইনিংসে ৮৮.৮৩ গড়ে ১০৬৬ রান। ভারতের বিপক্ষে কমপক্ষে এক হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে ভালো গড় শুধু ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস (১৫ ইনিংসে ১০৬.৭৮) ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের (১৮ ইনিংসে ৯৪.৮৩)।