ডিনার শব্দটার সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে টেস্ট ক্রিকেট। তবু কালকের ডিনার সেশনটা একটু আলাদা হয়ে থাকছে। দিবা-রাত্রির টেস্টে এই প্রথম দিনের শেষ সেশনে কোনো উইকেট পড়ল না! ব্রিসবেন টেস্টের প্রথম দিনটাও তাই ভালোই গেল স্বাগতিক দলের। টেস্টের প্রথম ‘সন্ধ্যা’ শেষে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার রান ২৮৮।
স্টিভ স্মিথ কাল সেঞ্চুরি না করলে বড় ‘অপরাধ’ই হতো। তাঁর ভাগ্য যে সেঞ্চুরিটা করাতে পণই করেছিল! ৫৩ রানে আজহার আলীর লেগ স্পিনে ক্যাচ তুলেছিলেন। কিন্তু উইকেটকিপার সরফরাজ আহমেদ ফেলে দিলেন সেটি, জীবন ফিরে পেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ৯৭ রানে আরেকবার, এবার অবশ্য দায় পুরো দলের। দ্বিতীয় নতুন বলে প্রথম ওভার। ফ্লাডলাইটে মোহাম্মদ আমিরের চতুর্থ বলটি বিভ্রান্ত করল ব্যাটসম্যানকে, ফিল্ডারদেরও! বলটা এবার তালুবন্দী করেও আবেদন করেননি সরফরাজ, আমির নিজেও বোঝেননি ব্যাটের কানা ছুঁয়ে গেছে বল! ওই আমিরের বলেই মিড অফ দিয়ে চার মেরে টেস্টে নিজের ১৬তম সেঞ্চুরি পেয়েছেন স্মিথ।
এর আগে দলকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নার। প্রথম পাঁচ ওভারে দুজনে মেরেছেন ৫টি চার। আমিরের বলে ওয়ার্নার এলবিডব্লু হলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন রেনশ। ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রেনশ ফেরার পর পিটার হ্যান্ডসকম্বকে যোগ্য সঙ্গী হিসেবে পেয়ে গেছেন স্মিথ। সূত্র: স্টার স্পোর্টস ২।