স্মিথের হাই তোলার সুযোগ নিলেন সরফরাজের স্ত্রী
কী অদ্ভুতুড়ে সময়! টিভি পর্দায় ক্রিকেটারকে হাই তুলতে দেখলে রক্ষা নাই। মুহূর্তে সেই ক্রিকেটারের হাই তোলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে এ বিষয়ে অগ্রদূত বলা যায়। তাঁর হাই তোলার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা চলে সবচেয়ে বেশি। সরফরাজের স্ত্রী খুশবখত সরফরাজের নিশ্চয়ই তা ভালো লাগার কথা নয়।
কিছুদিন আগে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে সরফরাজের হাই তোলার ছবি ভাইরাল হয়। এর আগে টেস্ট ও ওয়ানডে ম্যাচেও হাই তুলতে দেখা গেছে তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ভাইরাল হয় এ রসিকতা—কুইজ: ক্রিকেটে তিন ফরম্যাটে ‘হাই তোলা’ প্রথম খেলোয়াড় কে? উত্তর: সরফরাজ আহমেদ। সরফরাজের স্ত্রী খুশবখত সম্ভবত তক্কে তক্কে ছিলেন, এর মধ্যে অন্য কোনো ক্রিকেটারকে হাই তুলতে দেখলেই মুখটা খুলবেন।
সুযোগটা তাঁকে করে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। পরশু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাই তুলতে দেখা যায় স্মিথকে। ইংল্যান্ডের ৭ উইকেটে ১৬২ রান তাড়া করতে নেমে ৭.৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৯। এ সময় অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে ক্যামেরা তাক করা হয়। দেখা যায় ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিয়ে বসে আছেন স্মিথ। পাশেই কোচ জাস্টিন ল্যাঙ্গার। এ সময় দুই হাত উঁচু করে বেশ বড় হাই তোলেন স্মিথ।
স্মিথের এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। অনেকে রসিকতাও করেছেন এ নিয়ে। এদিকে সরফরাজের স্ত্রী খুশবখত অপ্রত্যাশিত সাহায্যের হাত বাড়িয়ে দেন স্মিথের প্রতি। তাঁর হাই তোলার ছবি পোস্ট করে ক্যাপশনে খুশবখত লেখেন, ‘কিংবদন্তিরা এমনই হয়।’ কিছু বোঝা গেল? খুশবখতের জীবনসঙ্গীর হাই তোলা নিয়ে ঠাট্টা কম হয় না। স্মিথও হাই তোলায় এই সুযোগে পরোক্ষভাবেই স্বামীর হাই তোলায় যে কোনো অসুবিধা নেই তা বুঝিয়ে দেন খুশবখত।
এর আগে গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও হাই তুলতে দেখা গেছে সরফরাজ। তখন এ নিয়ে রসিকতা-সমালোচনা হলে জবাব দিয়েছিলেন সরফরাজ, ‘হাই তোলা খুব স্বাভাবিক। এটা তো পাপ নয়। লোকে আমার হাই তোলা থেকে যদি দু-পয়সা কামিয়ে নেয় তাহলে তো সেটা ভালোই।’