স্মিথের 'ঘরের মাঠে' স্মিথদের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হচ্ছে আজ। অনুশীলনে তাই পূর্ণ মনোযোগ বিরাট কোহলির। টেস্ট-শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সব প্রস্তুতিই সেরে রাখলেন ভারত অধিনায়ক l এএফপি
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হচ্ছে আজ। অনুশীলনে তাই পূর্ণ মনোযোগ বিরাট কোহলির। টেস্ট-শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সব প্রস্তুতিই সেরে রাখলেন ভারত অধিনায়ক l এএফপি

রিকি পন্টিং পর্যন্ত বলেছেন, এবার ভারত সফর থেকে তিনি সম্মানজনক হারের চেয়ে বেশি কিছু আশা করছেন না।
হরভজন সিং তো আগেই ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়া খুব ভালো খেললেও ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতবে। সৌরভ গাঙ্গুলী আরও এক ধাপ বেড়ে। অস্ট্রেলিয়ার ভালো খেলার সম্ভাবনা তিনি দেখেনই না। সোজা বলে দিয়েছেন, ৪-০ ব্যবধানেই জিতবে ভারত। অধিনায়ক সৌরভের দ্বৈরথটা যাঁর সঙ্গে বেশি জমেছিল, সেই স্টিভ ওয়াহর অবশ্য একটু দ্বিমত আছে। তাঁর দাবি, সৌরভ একটু বেশিই আশা করছেন। অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে হারবে, সৌরভের এই ভবিষ্যদ্বাণীটা চ্যালেঞ্জ করতেও প্রস্তুত কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক। পাল্টা জবাব দিয়ে সৌরভ বলেছেন, ‘স্টিভের মতো স্পিন খেলতে পারে, এই অস্ট্রেলিয়া দলে তেমন খেলোয়াড় কই!’
স্টিভেন স্মিথের দলে সত্যিই তেমন কেউ আছেন কি না, সেটা দেখার অপেক্ষা থাকবে চার টেস্টের এই সিরিজে। যে সিরিজের প্রথম টেস্টটি আজ শুরু হচ্ছে পুনের এমসিএ মাঠে।
ভারতের মাটি থেকে সর্বশেষ সিরিজ জিতে গিয়েছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া, ২০০৪ সালে। এই বাক্যের একটা পাদটীকা আছে। চোটের কারণে ওই সিরিজের প্রথম তিন টেস্টে পন্টিং নিজেই খেলতে পারেননি, তাঁর জায়গায় অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ওই তিন টেস্টেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল অস্ট্রেলিয়া। পন্টিং খেলেছিলেন শুধু শেষ টেস্টে, যেটিতে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় ব্যবধান হয়েছিল ২-১। গত প্রায় অর্ধশতাব্দীতে এই একবারই ভারত থেকে সিরিজ জিতে ফিরেছে অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ১৯৬৯ সালে বিল লরির অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছিল টাইগার পতৌদির ভারতকে।

.
.

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত এমনই অপ্রতিরোধ্য বলেই সৌরভ-হরভজনরা বারবার ‘৪-০’ বলছেন না। ভারতের ফর্মও যে অবিশ্বাস্য! ২০১৫ সালের আগস্টে গলে শ্রীলঙ্কার কাছে হারের পর দেশে-বিদেশে আর কোনো টেস্ট হারেনি ভারত। টানা ১৯ টেস্ট অপরাজিত। এই সময়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। ঘরের মাঠে সর্বশেষ ২০ টেস্ট অপরাজিত ভারত—১৭টি জয়, ৩টি ড্র। ভারত ঘরের মাঠে সর্বশেষ হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে কলকাতায়। যুবরাজ সিং তখনো টেস্ট খেলতেন, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্কা রাহানের টেস্ট অভিষেকই হয়নি!
অন্যদিকে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে সর্বশেষ ৯ টেস্টের সব কটিতে হেরেছে অস্ট্রেলিয়া। সাধারণত শ্রীলঙ্কার মাটিতে এসে ভালো খেলার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গত বছর রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে তালগোল পাকিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ার পর, এখন আর সেটিও বলার জো নেই। ওই সিরিজে খেলা নয়জন আছেন ভারতের বিপক্ষে এই সিরিজের দলেও। সেই সিরিজ থেকে কী শিক্ষা নিয়েছেন, সেটি দেখা যাবে এবার। বাস্তবতা হচ্ছে, হেরাথ-দিলরুয়ান পেরেরা মিলে যে পরীক্ষা নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের, রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সামনে এর চেয়ে অনেক বড় পরীক্ষায় পড়তে হবে। ভারতের হয়ে সর্বশেষ ৯ টেস্টে শুধু অশ্বিন-জাদেজা মিলেই নিয়েছেন ১০৭ উইকেট!
শুধু তা-ই নয়, সর্বশেষ যেবার ভারত আতিথ্য দিয়েছিল অস্ট্রেলিয়াকে, সেই সিরিজেও অশ্বিন-জাদেজা মিলে নিয়েছেন ৫৩ উইকেট। ২০১৩ সালের ওই সিরিজ অস্ট্রেলিয়া হেরেছিল ৪-০ ব্যবধানে। পুরো সিরিজে অস্ট্রেলিয়ার একটাই সেঞ্চুরি ছিল, মাইকেল ক্লার্কের। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিন। এরপর অশ্বিন-জাদেজার সামনে পড়ে সেই অস্ট্রেলিয়া দিশা হারায়, আর পথ খুঁজে পায়নি। এবারও তাই অস্ট্রেলিয়ার জন্য প্রথম টেস্টটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুনেতে সেই টেস্ট বলে স্মিথ একটু আশাবাদী হতেই পারেন। আইপিএলে এটা যে তাঁর ঘরের মাঠ! ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া।