স্মিথের 'প্রশংসা' শুনেই ভেংচি কেটেছিলেন ইশান্ত!

হাড্ডাহাড্ডি লড়েও গত মার্চে ভারতের বিপক্ষে সিরিজটা জিততে পারেনি অস্ট্রেলিয়া। হেরেছে ২-১-এ। দুই দলের লড়াইয়ে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের সকালটা আলাদা জায়গা পাচ্ছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে ভেংচি কেটে সে লড়াইকে ভিন্নমাত্রা দিয়েছিলেন ইশান্ত শর্মা। স্মিথের ‘প্রশংসা’ বিশ্বাস করতে পারেননি বলেই নাকি ইশান্ত এমনটি করেছিলেন।
সেদিন ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর স্মিথ একটু দেখে-শুনেই ব্যাট করছিলেন। ইশান্তের একটি বল ঠিকমতো খেলতে পারেননি অস্ট্রেলীয় অধিনায়ক। ইশান্ত তখন ভেংচিও কাটেন স্মিথকে। স্মিথ প্রথমে একটু অবাক হলেও পরে অবশ্য হেসে ফেলেন। হেসে ফেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। স্মিথ অবশ্য বসে থাকেননি। ইশান্তকে পাল্টা ভেংচি ফিরিয়েও দিয়েছিলেন।
কেন অমন করে সেদিন ভেংচি কেটেছিলেন ইশান্ত, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশান্ত বলেছেন, ‘পুনে টেস্টে সে আমার বলে একটি করে রান নিচ্ছিল আর বলছিল, দারুণ বোলিং করেছ বন্ধু। শুরুতে বুঝতে পারিনি। অস্ট্রেলীয়দের উচ্চারণ বোঝা কঠিন। কিছু পরে যখন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কী বলছে! স্মিথ উত্তর দিল, তোমার বোলিংয়ের প্রশংসা করছি। এটা শুনে ওর মুখের দিকে তাকিয়ে বললাম, অস্ট্রেলিয়ায় যখন এমন বোলিং করি, তখন তো কখনো প্রশংসা করো না। এখন করছ যে!’
বেঙ্গালুরু টেস্টে শেষ পর্যন্ত ভারত জিতেছিল ৭৫ রানে। সূত্র: ডেকান ক্রনিকেল।