স্মিথের 'রাজত্ব' পুনরুদ্ধার

আজ ইংল্যান্ডের রাজত্ব, তো কাল অস্ট্রেলিয়ার। আজ যে দল এভারেস্ট চূড়ায় উঠল, কাল সেই দলই নেমে গেল মারিয়ানা ট্রেঞ্চে। মাত্রই শেষ হওয়া অ্যাশেজটা পুরোপুরিই যেন উত্থান-পতনে ভরপুর রোমাঞ্চকর এক উপন্যাস।
অ্যাশেজ আখ্যানের চরিত্রগুলোর পারফরম্যান্সের ওঠানামা মোটা দাগেই ছাপ ফেলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে, বিশেষ করে ব্যাটসম্যানদের তালিকায়। পাঁচ টেস্টের চারটির শেষেই শীর্ষস্থান বদল করেছে র্যাঙ্কিং। সর্বশেষ পরিবর্তন হলো ওভাল টেস্টের পর। ওভালে ১৪৩ রানের ইনিংস খেলে ১৫ দিন পর আবার শীর্ষে ফিরেছেন স্টিভেন স্মিথ। দুই ইনিংসে ৬ ও ১১ রান—জো রুট নেমে গেছেন তিনে।
সিরিজটা অবশ্য বিশ্বের এক নম্বর হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক স্মিথ। কিন্তু কার্ডিফে দুই
ইনিংসেই ৩৩ রান, দলের হারের সঙ্গে স্মিথও নেমে যান শীর্ষস্থান থেকে। ফাঁকতালে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স উঠে যান এক নম্বরে।
লর্ডসে পরের টেস্টেই অসাধারণ এক ডাবল সেঞ্চুরি করে স্মিথ ফিরলেন এক নম্বরে। ইংল্যান্ডকে দুমড়েমুচড়ে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতল ৪০৫ রানে। শীর্ষে পরিবর্তন আসেনি শুধু এজবাস্টনের তৃতীয় টেস্টের পরেই। চতুর্থ টেস্টের পর আবার হাতবদল—এবার প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের জো রুট। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানের জয়ে বড় অবদান ছিল রুটের ১৩০ রানের। ১৫ দিন পর কালই আবার এল পরিবর্তন।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে স্মিথ ও রুটের মাঝে আছেন ডি ভিলিয়ার্স। চারে হাশিম আমলা, পাঁচে অ্যাঞ্জেলো ম্যাথুস। এক ধাপ পেছানো কুমার সাঙ্গাকারা ক্যারিয়ার শেষ করলেন সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে। অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়ক মাইকেল ক্লার্কও এক ধাপ পিছিয়ে ২৫ নম্বরে থেকে শেষ করলেন ক্যারিয়ার। র্যাঙ্কিংয়ের দশে আরেক বিদায়ী ক্রিস রজার্স।
বোলিংয়ে তেমন কোনো বড় পরিবর্তন নেই। শীর্ষে যথারীতি ডেল স্টেইন, দুইয়ে স্টুয়ার্ট ব্রড। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে বাংলাদেশের সাকিব আল হাসানই। দ্বিতীয় স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
কোনো খেলা না থাকলেও অন্যদের ওঠা-নামায় বাংলাদেশের ক্রিকেটাররা এগিয়েছেন-পিছিয়েছেন। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান মুমিনুল হক। বোলিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নামা সাকিবই বাংলাদেশের সেরা বোলার।
অ্যাশেজ জিতে দলীয় র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে উঠেছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে জায়গা করে দিতে এক ধাপ করে পিছিয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। ৫ পয়েন্ট হারালেও অস্ট্রেলিয়া আছে দুইয়েই। তথ্যসূত্র: রিলায়েন্স আইসিসি র্যাঙ্কিং।
দলীয় র্যাঙ্কিং
রেটিং
১ (-) দক্ষিণ আফ্রিকা ১২৫
২ (-) অস্ট্রেলিয়া ১০৬
৩ (+৩) ইংল্যান্ড ১০২
৪ (-১) পাকিস্তান ১০১
৫ (-১) নিউজিল্যান্ড ৯৯
৬ (-১) ভারত ৯৭
৭ (-) শ্রীলঙ্কা ৯২
৮ (-) ওয়েস্ট ইন্ডিজ ৮১
৯ (-) বাংলাদেশ ৪৭
১০ (-) জিম্বাবুয়ে ৫
সেরা পাঁচ
ব্যাটসম্যান
১ (+২) স্টিভেন স্মিথ ৯১০
২ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯০
৩ (-২) জো রুট ৮৮৯
৪ (-) হাশিম আমলা ৮৮১
৫ (-) অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৬৭
বোলার
১ (-) ডেল স্টেইন ৯০৫
২ (-) স্টুয়ার্ট ব্রড ৮৩৫
৩ (+১) ট্রেন্ট বোল্ট ৮১৪
৪ (+১) ইয়াসির শাহ ৮১০
৫ (-২) জেমস অ্যান্ডারসন ৮০৭