স্মিথ-ওয়ার্নার যুগলবন্দীর অপেক্ষায় লেম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্ক নেই। নেই শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস আর ক্রিস রজার্সও। বিদায় বলে দিয়েছেন এঁরা সবাই। সর্বশেষ অ্যাশেজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী পরশু শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ পর্যন্ত আসতে আসতেই অস্ট্রেলিয়া দলে কত পরিবর্তন! নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে নতুন করে পথচলা শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। কোচ ড্যারেন লেম্যানও আশাবাদী—স্মিথ-ওয়ার্নারের নেতৃত্বে দ্রুতই গুছিয়ে উঠবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই নতুন করে পথচলাটা শুরু হওয়ার কথা ছিল অবশ্য বাংলাদেশের বিপক্ষেই। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করে দেওয়ায় অপেক্ষাটা দীর্ঘায়িত হলো স্মিথ-ওয়ার্নারদের। তাতে অবশ্য কিছুটা লাভই হয়েছে। নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও কিছুটা সময় পেয়েছে অস্ট্রেলীয়রা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ দিয়ে এখন নতুন করে পথচলা শুরুর অপেক্ষা। সেই অপেক্ষায় রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার কোচ লেম্যান, ‘আমরা ওদের দিকনির্দেশনা দেব, ওটাই আমাদের কাজ। ওদের সম্ভাব্য সবচেয়ে ভালোভাবেই প্রস্তুত করে দিতে চাই। সময়টা আমাদের জন্য খুব রোমাঞ্চকর। খেলোয়াড়, কর্মকর্তা সবার জন্যই।’

লেম্যান আশাবাদী স্মিথ-ওয়ার্নারের নেতৃত্ব নিয়েও, ‘স্মিথ-ওয়ার্নারের নেতৃত্বে পুনর্গঠনপ্রক্রিয়া নিয়েও আমি খুব রোমাঞ্চিত। আশা করি ওরা সেটা পারবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।