স্মিথ-ওয়ার্নারদের দৌড় শেখাবেন বোল্ট!

অ্যাশেজ সিরিজের আগে নিজেদের রানিং বিটুইন দ্য উইকেটের উন্নতি ঘটাতে উসাইন বোল্টের দ্বারস্থ হয়েছে অস্ট্রেলিয়া। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার আসছে অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়ার ‘রানিং’ কোচ হিসেবে কাজ করছেন।
অস্ট্রেলীয় ক্রিকেট দলের রানিংয়ে আরও দ্রুততা আনাই বোল্টের কাজ। বোল্ট বলেছেন, ‘ক্রিকেটে দৌড়ে দ্রুততার অভাব দেখি। বিশেষ করে রান নেওয়ার সময় তো গতি আরও বাড়ানো যেতে পারে। ব্যাটসম্যানরা রান নেওয়ার সময় দৌড়ই শুরু করেন দেরিতে। এটা ঠিক করতে পারলে কিন্তু উপকারই হয়।’
লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নিয়ে গত আগস্টে অবসরে যান ৩১ বছর বয়সী বোল্ট। অলিম্পিকে আটটি সোনার পদক জিতেছেন তিনি। ২০০৮ সালে বেইজিং, ২০১২ সালে লন্ডন আর ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ছয়টি সোনা। পাশাপাশি লন্ডন ও রিওর রিলের দুটি সোনা। গত আগস্টে অবশ্য জীবনে প্রথমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে হেরে যান। আহত হওয়ার কারণে শেষ করতে পারেননি রিলেও। তবে যেকোনো বিচারেই জ্যামাইকান এই স্প্রিন্টার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে।

অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব জানিয়েছেন, অ্যাশেজের আগে রানিং বিটুইন দ্য উইকেটের ব্যাপারে বোল্টের পরামর্শ নাকি তাঁদের দারুণ কাজে আসছে, ‘রানিং বিটুইন দ্য উইকেট কীভাবে আরও দ্রুত করা যায়, সে ব্যাপারে বোল্ট আমাদের কিছু পরামর্শ দিচ্ছেন। তিনি বলেছেন, দৌড়ে প্রথম দুই-তিনটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপগুলো ঠিকভাবে দিতে পারলে দৌড়টা সহজ হয়ে যায়।’
অবসর নেওয়ার পর সময়টা ভালোই কাটছে বোল্টের। ইতিমধ্যেই তিনি জার্মান ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার আমন্ত্রণ পেয়েছেন। ফুটবল যে স্প্রিন্টের পরপরই তাঁর প্রিয়, সেটি তিনি বলেছেন অনেকবারই, ‘বরুসিয়ার আমন্ত্রণটা দারুণ। আমি ফুটবল খেলতে চাই। সব সময় ফিট থাকতে চাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলাম। আমার চিকিৎসক আমাকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন। এখন আমি অনুশীলন করতেই পারি।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।