
ম্যাচ-সেরার পুরস্কার নিতে গিয়ে মুখে চওড়া হাসিতে বললেন, ‘এই গ্রীষ্মকে কখনোই ভুলব না!’
এখনো শেষ হয়নি অস্ট্রেলিয়ান গ্রীষ্ম। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল সামনে, এই গ্রীষ্মের সবচেয়ে বড় আকর্ষণ তো আছে বাকি—বিশ্বকাপ। কিন্তু এর মধ্যেই এত কিছু করে ফেলেছেন স্টিভেন স্মিথ, এই গ্রীষ্মকে ভুলবেন কী করে! বরং চাইবেন এই গ্রীষ্মকে আরও লম্বা করতে। বিশ্বকাপ শেষেও, আসছে শীত-বসন্তও একাকার হয়ে যাবে এই গ্রীষ্মে!
স্বপ্নের মতো একটা টেস্ট সিরিজ কাটিয়েছেন ভারতের বিপক্ষে। ব্যাটে রানের ফল্গুধারা, হঠাৎ পাওয়া নেতৃত্বে ক্ষুরধার। ওয়ানডেতেও ছুটছিল স্মিথের রান-রথ। সাফল্যের রথ কাল পৌঁছে গেল নতুন ঠিকানায়। মন্থর ওভাররেটের খাঁড়ায় ঘরের মাঠে দর্শক জর্জ বেইলি। আবার টস করতে নামলেন স্মিথ। রঙিন পোশাকে প্রথমবার। নেতৃত্বের ভার যে তাঁর ব্যাটের ধার বাড়িয়ে দেয়, সেটির প্রমাণ তো টেস্টে দিয়েছেন। রঙিন পোশাকেও বুঝিয়ে দিলেন প্রথম সুযোগে। নেতৃত্বের প্রথম ওয়ানডেতেই অসাধারণ অপরাজিত সেঞ্চুরিতে দলকে এনে দিলেন দারুণ জয়। অস্ট্রেলিয়া উঠে গেল ফাইনালেও। মনে করিয়ে দেওয়া যেতে পারে, ৩ টেস্টে নেতৃত্ব দিয়ে সেঞ্চুরি করেছিলেন তিনটিতেই। টেস্ট-ওয়ানডে দুটিতেই নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার স্মিথ!
ইয়ান বেল তখন অনেকটাই আড়াল। অথচ দিনের প্রথম অংশের নায়ক ছিলেন তিনিই। ক্যারিয়ার-সেরা ইনিংস খেলার দিনে উঠে গেছেন দেশের রান-চূড়াতেও। ১২৫ বলে করেছেন ১৪১, ৫ রানের মাথায় দ্বিতীয় ইংলিশ হিসেবে ছুঁয়েছেন ওয়ানডেতে ৫ হাজার রান। পরে পল কলিংউডকেও (৫০৯২) ছাড়িয়ে উঠে গেছেন শীর্ষে (৫১৩৬)। কিন্তু বেলের জোড়া অর্জন ম্লান নেতা-ব্যাটসম্যান স্মিথের জোড়া ভূমিকায়।
মঈন আলীর সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১১৩ রান তোলেন বেল। তৃতীয় উইকেটে জো রুটকে (৭০) নিয়ে গড়েছেন ১২১ রানের জুটি। ৪২তম ওভারে বেল ফেরার পর গতি হারায় ইংলিশ ইনিংস। ফকনার-স্টার্ক-সান্ধুর দারুণ বোলিংয়ে শেষ ১০ ওভারে ইংল্যান্ড তুলতে পারে মাত্র ৫৯!
কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার সেরা ব্যাটিং উইকেট এই হোবার্টে। মাঠের দুই পাশও অন্যান্য ভেন্যুর তুলনায় অনেক ছোট। তিন শর বেশি রান তাড়া তার পরও সহজ নয় কখনোই। অস্ট্রেলিয়া আবার বিশ্রাম দিয়েছে ডেভিড ওয়ার্নারকে, চোটে নেই শেন ওয়াটসন। ক্লার্ক, মিচেল মার্শ তো আগে থেকেই নেই। কাল অস্ট্রেলিয়ার একাদশে চারজনই নেই বিশ্বকাপ দলে—শন মার্শ, মেয়জেস হেনরিকেস, গুরিন্দর সান্ধু ও ক্যামেরন হোয়াইট! মার্শ ও ফিঞ্চ ভালো শুরু এনে দেন অস্ট্রেলিয়াকে। মাঝে রান পেয়েছেন ম্যাক্সওয়েল-ফকনার, শেষ দিকে ২৯ বলে ৪২ হাডিন। একপাশে হাল ধরে দলকে তীরে পৌঁছে দিয়ে ফিরেছেন স্মিথ। স্টার স্পোর্টস।
সংিক্ষপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৮ (মঈন ৪৬, বেল ১৪১, টেলর ৫, রুট ৭০, মরগান ০, বাটলার ২৫, বোপারা ৫, ওকস ০, ব্রড ০*; সান্ধু ২/৪৯, হেনরিকেস ১/৩৪, ফকনার ১/৫৯, স্টার্ক ১/৬০, কামিন্স ১/৭৪)।
অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ৩০৪/৭ (ফিঞ্চ ৩২, মার্শ ৪৫, স্মিথ ১০২*, হোয়াইট ০, ম্যাক্সওয়েল ৩৭, ফকনার ৩৫, হোয়াইট ৪২, হেনরিকেস ৪, স্টার্ক ১*, মঈন ২/৫০, ওকস ২/৫৮, ফিন ২/৬৫)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।