স্মৃতির কাঁটায় ভারতকে তাতাচ্ছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কিছুদিনে এতবার মুখোমুখি হয়েছে দুটি দল যে, সবাই সবার ভেতর-বাহিরটা ভালোই জানে। কিন্তু অস্ট্রেলিয়ার সামনে সেই ভারত আর নেই, যারা শুধু হারত। টেস্ট সিরিজ থেকে ত্রিদেশীয় সিরিজ—একটা ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ভারত। বিশ্বকাপ কোনো এক জাদুমন্ত্রে যেন পুরোপুরি বদলে দিয়েছে ধোনিদের। সেমিফাইনালের মতো মহারণের আগে অস্ট্রেলিয়া সেটা মনে করিয়ে দেওয়ার সুযোগ ছাড়বে কেন? অস্ট্রেলিয়ার সাবেক থেকে বর্তমান খেলোয়াড়েরাও মাঠের আগের খেলায় নিজেদের দলকেই তাই এগিয়ে রাখছেন।
কথার লড়াই কতটা গুরুত্বপূর্ণ সেটা স্টিভ ওয়াহ খুব ভালো জানেন। ভারতকে মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা মানসিকভাবে ওদের জন্য অনেক কঠিন হবে। গত কয়েক মাসে ভারত অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত হেরেছে। অবশ্যই ওটা তাদের মনে থাকবে।’ তবে ১৯৯৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক স্বীকার করলেন, ভারতকে হারানো আগের চেয়ে কঠিন হবে, ‘ভারত এখন ভালো ফর্মে আছে। তারা ভালো খেলছে, যেকোনো রান তাড়া করার ক্ষমতা আছে তাদের। বিশ্বকাপে তারা ভালো খেলছে, ছন্দেই আছে। ম্যাচে দুই দলই কিছুটা সতর্ক থাকবে। আত্মবিশ্বাস তো থাকবেই, নিজেদের সেরাটাও দিতে হবে।’ তবে ভারতের জন্য অস্ট্রেলিয়াও সেরাটা জমিয়ে রেখেছে বলে মনে করেন ১৯৯৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘দল ভালো খেলছে। আমার মনে হয় না তাদের সেরাটা আমরা দেখেছি। আমি এটিকে ইতিবাচকই দেখছি, কারণ উন্নতির অনেক সুযোগ আছে এখনো।’
কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৬ উইকেটে জিতলেও সেটি একেবারে মসৃণ ছিল না। ৪ উইকেট নিয়ে ওই ম্যাচে আলো ছড়িয়েছেন জশ হ্যাজলউড। সেমিফাইনালের আগে ধোনিদের তাতিয়ে দিতে চাইলেন অস্ট্রেলিয়ার এই তরুণ পেসার, ‘আমরা দুই সংস্করণেই এই গ্রীষ্মে ওদের সঙ্গে অনেকবার খেলেছি। আমার মনে হয় ত্রিদেশীয় সিরিজে জেতায় ওদের চেয়ে আমরা একটু হলেও এগিয়ে থাকব।’
এই হ্যাজলউডই স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ ম্যাচে তাঁর জায়গায় প্যাট কামিন্স সুযোগ পাওয়ায় ভেবেছিলেন তাঁর বিশ্বকাপই শেষ হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সুযোগটা দুহাত ভরে নিয়েছেন এই পেসার। ভারতের সঙ্গে নিশ্চয়ই অমন কিছুই করতে চাইবেন! এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।