স্মৃতির মাঠে মাশরাফি

বিকেলে মাঠে এসেই চলে যান জিমে। ঘণ্টা খানেক সময় কাটিয়ে ফিরলেন মাঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম। মাঝ উইকেট দেখে-টেখে ধীর পায়ে এগিয়ে এলেন ড্রেসিংরুমের সামনে। পা দুটো গুটিয়ে বসলেন সিঁড়িতে।
বিকেলের ম্লান আলোয় মাশরাফি বিন মুর্তজার স্মৃতিতে হঠাৎ উজ্জ্বল হয়ে ধরা দিল ১৭ বছর আগের স্মৃতি, ‘ওই যে দেখছেন...’ মাশরাফির চোখ খুঁজে ফিরল জায়গাটা। কিন্তু সেখানে স্টেডিয়ামের বিবর্ণ গ্যালারি ছাড়া কিছুই চোখে পড়ল না। তবু মাশরাফি মূর্ত করে তুললেন সবকিছু, ‘...হ্যাঁ, স্কোরবোর্ডের ওইখানটায় আগে একটা রুম ছিল। সেখানে চৌকিও ছিল। ওখানেই রাতে থাকতাম। আমরা ৬০ জন ছেলে ক্যাম্প করেছিলাম। তখন তো এগুলোর কিছুই ছিল না। মাঠ কেবল প্রস্তুত হচ্ছে। ঠিক ওটার পাশেই একটা কংক্রিটের পিচ ছিল। সেখানে বোলিং করতাম। স্টাম্পও ভেঙেছি বেশ কটা।’
১৯৯৯ সালে এই মাঠে এসেছিলেন খুলনা বিভাগের অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প করতে। স্বপ্নের বীজ রোপণ হয়েছিল তখনই। তখন অবশ্য মাঠের চেহারাটা এমন ছিল না। ফেলে আসা সময়টা মাশরাফি আজও ভুলতে পারেন না। কারণও আছে। ওই সময় পরিচয় মানজারুল ইসলাম রানার সঙ্গে। ‘প্রাণের বন্ধু’র কথা উঠতেই স্মৃতিকাতর হয়ে পড়লেন অধিনায়ক, ‘স্কোরবোর্ডের পাশে পুকুর আছে। এখনো আছে কি না জানি না। এর পরই রানাদের বাড়ি। ও তখন জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের সদস্য। তবে আসত আমাদের অনুশীলনে। তখন থেকেই ওর সঙ্গে পরিচয়।’
মানজারুল কবেই না-ফেরার দেশে চলে গেছেন। কিন্তু তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলো ফিরে ফিরে এল এই বিকেলটিতেও। শুধু বন্ধুর জন্যই নয়, মাশরাফির জীবনের অনেকটা অংশজুড়েই আছে খুলনা। পেশাদার ক্রিকেটার হয়ে ওঠা এখানেই। বাড়ি নড়াইল হলেও মাশরাফি তাই খুলনাকে নিজের ঘর মনে করেন, ‘খুলনার মোহামেডান স্পোর্টিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু। পিকচার প্যালেস, সার্কিট হাউস মাঠ, খান-এ সবুর রোড, এমনকি এই মাঠ, জীবনের বহু সময় কেটেছে এখানে। নড়াইল বাড়ি হলেও খুলনায় এলে মনে হয় ঘরেই আছি।’
‘ঘরের মাঠ’ বলেই কি না খুলনায় বাংলাদেশ দলের স্মরণীয় সব মুহূর্তের সাক্ষীও তিনি। সীমিত ওভারের ক্রিকেটে এই মাঠে বাংলাদেশ কখনো হারেনি। চারটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ দলের তিনিই একমাত্র সদস্য, যিনি প্রতিটি জয়ের সাক্ষী মাঠে থেকেই।
২০ মার্চ ২০০৬, বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ‘অভিষেক’ এ মাঠের। তবে আরেকটি কারণে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম বিশেষ স্মরণীয়। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হয়েছিল এখানেই। ২৮ নভেম্বর ২০০৬, জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে মাশরাফি খেলেছিলেন ২৬ বলে ৩৬ রানের এক ইনিংস। উইকেট নিয়েছিলেন একটি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টির নায়কও তিনি।
আরেকটি জিম্বাবুয়ে সিরিজের আগে মাশরাফির স্মৃতিতে ভেসে এল ১০ বছর আগের সেই ম্যাচ, ‘খুব রোমাঞ্চিত ছিলাম সেদিন। এমনিতে খুলনায় খেলা হলে খুব রোমাঞ্চ কাজ করে। সেটা আবার ছিল আমাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’
শুধু মাশরাফি নন, এই দলে থাকা সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, আল আমিন, নুরুল হাসানদেরও জড়িয়ে রেখেছে শেখ আবু নাসের স্টেডিয়াম। প্রিয় মাঠে এবারও নিশ্চয়ই সিরিজটা রঙিন করে রাখতে চাইবেন মাশরাফি-সাকিবরা।