স্যামি-ঝড়ে রাজশাহীর জয়

কীভাবে সম্ভব হয়েছে ড্যারেন স্যামি? প্রশ্নটার উত্তর পরে। ক্যারিবীয় অলরাউন্ডারের কঠিন সমীকরণ সহজ করার গল্পটা হোক আগে।
যখন স্যামি ব্যাটিংয়ে এলেন, রাজশাহী কিংস বেশ ধুঁকছে। লক্ষ্যে পৌঁছাতে ৫৯ বলে প্রয়োজন ৮৮ রান। কঠিনই তো!
দুর্গম পথ পাড়ি দিতে সঙ্গী পেলেন মেহেদী হাসান মিরাজকে। দুজন সপ্তম উইকেটে যোগ করেন ৩৭ রান। ধীরে ধীরে যখন রাজশাহীর আশার সলতে উজ্জ্বল হচ্ছে, তখনই দমকা হাওয়া। রান আউট মিরাজ। স্যামির সামনে এবার ৩৪ বলে ৪৩ রানের সমীকরণ। শুভাশিস রায়ের করা ১৬তম ওভারে পরপর তিন বাউন্ডারি মেরে মাথার ওপর জেঁকে বসা চাপ কিছুটা হালকা করলেন। এরপর মোহাম্মদ নবীর করা ১৮তম ওভারে ওঠে ১৩ রান। ফরহাদ রেজার সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে যোগ হয় ২৫ বলে ৪৯ রান। ২৭ বলে স্যামির অপরাজিত ৫৫ রানের ইনিংসটাই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে চিটাগং ভাইকিংসকে। রাজশাহী কিংসের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত হতেই সতীর্থদের নিয়ে তাঁর উদ্যাপন—অদৃশ্য ক্যামেরায় ছবি তোলা!
কীভাবে সম্ভব হয়েছে স্যামি? রাজশাহী অধিনায়ক হাসেন, ‘শুধু বলেছি, শেষ বল পর্যন্ত আশা ছাড়া যাবে না। খেলা শেষ করে আসতে হবে, ওয়েস্ট ইন্ডিজ কিংবা ফ্র্যাঞ্চাইজির হয়ে এমন পরিস্থিতিতে আমাকে অনেকবার পড়তে হয়েছে। আমি শুধু ইতিবাচক থাকি।’
মাঝে তিন ম্যাচে ‘ঘুমিয়ে’ থাকার পর কাল অবশ্য জেগে ওঠেনন ক্রিস গেইল। জ্যামাইকান ওপেনারের সঙ্গে দারুণ জমে ওঠে তামিমের জুটি। দুজন দ্বিতীয় উইকেটে ৫০ বলে যোগ করেন ৭৪ রান। ৫ ছক্কা আর ২ চারে ৩০ বলে ৪৪ রান করে জেমস ফ্র্যাঙ্কলিনের ফুলটসে গেইল আউট। খানিক পরে কেসরিক উইলিয়ামসের স্লোয়ার তুলে মারতে গিয়ে ফেরেন তামিমও। তবে এর আগেই টুর্নামেন্টে নিজের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পেয়ে যান বাঁহাতি এই ওপেনার। এরপর চিটাগংয়ের ছন্দপতন! উইলিয়ামস আর ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ে ১০.৩ ওভারে ১ উইকেটে ৮২ থেকে ১৯ ওভারে ৮ উইকেটে ১৩২ হয়ে যায় তাদের। ১৯তম ওভারেই ১ রানের মধ্যে পড়ে ৩ উইকেট। দুই দলের ব্যাটিংয়ে শেষের দিকের ওভারগুলোই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য—চিটাগংয়ের টুপটাপ উইকেট পড়েছে আর রাজশাহী তুলেছে ঝড়!
আজ দ্বিতীয় কোয়ালিফায়ারেও পুনরাবৃত্তি হবে এই বীরত্বগাথা? স্যামি বলেন, ‘ইনশা আল্লাহ’!