স্যামি-ব্রাভোরা নেই চুক্তিতে
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ড্যারেন স্যামির কাঁধেই থাকবে নেতৃত্ব। তবে তারপরও ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডারকে নতুন মৌসুমের চুক্তিতে রাখল না ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)।
১৫ জন খেলোয়াড়ের সঙ্গে ২০১৫-১৬ মৌসুমের জন্য নতুন এই চুক্তি করেছে ডব্লুআইসিবি। গত মৌসুমে চুক্তিবদ্ধ ছিলেন, অথচ এই মৌসুমে স্যামির মতোই বাদ পড়ে গেছেন ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, সুলেমান বেন ও শিবনারায়ণ চন্দরপল। এ ছাড়া আগে বেশ কয়েকবার বোর্ডের সঙ্গে চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এবারও রাখা হয়নি ক্রিস গেইলকে।
১ অক্টোবর ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত কার্যকর এই চুক্তিতে নতুন ঢুকেছেন দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কোটরেল, জারমেইন ব্ল্যাকউড, রাজেন্দ্র চন্দ্রিকা, শাই হোপ, শেন ডওরিচ ও লিওন জনসন। ক্রিকইনফো।