স্যামিদের পাশে ক্যারিবীয় কিংবদন্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসেরও কম সময়ের মধ্যে ৩টি বিশ্ব শিরোপা জয়, এমন সাফল্যই তো হতে পারত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য জিয়নকাঠি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না! ক্যারিবীয় ক্রিকেট সেই তিমিরেই রয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বোর্ড নিয়ে ড্যারেন স্যামির বিষোদ্গারে এবার শামিল হলেন সাবেক ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটার বলে ঠিক বোঝানো যাচ্ছে না, ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন কিংবদন্তি আছেন এঁদের মধ্যে। গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, ওয়েস হল, অ্যান্ডি রবার্টসের মতো কিংবদন্তিরা বর্তমান ক্রিকেট বোর্ডের বিলুপ্তির দাবি তুলেছেন!
গত ১৪ এপ্রিল গ্রেনাডায় আলোচনায় বসেছিলেন ক্যারিবীয় কিংবদন্তিরা। আলোচনার বিষয় পুরোনো, কীভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্দশা কাটিয়ে ওঠা যায়। দীর্ঘ আলোচনার শেষে একটা সমাধানই খুঁজে পেয়েছেন তাঁরা—এই ‘অকর্মা’ বোর্ডকে সরাতে হবে। সভা-পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পিছিয়ে পড়ার সম্পূর্ণ দায়ভার বর্তমান বোর্ডের কাঁধে তুলে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা, ‘গত দুই দশকে অনেক সভাপতি ও নির্বাহী বোর্ড পরিচালনা করেছে, সে সঙ্গে আমাদের পারফরম্যান্সও ক্রমেই খারাপ হয়েছে। বোর্ড অনেকটা “গোষ্ঠী শাসন” ব্যবস্থা চালু করেছে। গত ৭০ বছরে একমাত্র এই প্রতিষ্ঠানেই কোনো পরিবর্তন আসেনি।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অনেকগুলো দ্বীপ রাষ্ট্র নিয়ে গঠিত বলে তাঁদের কার্যক্রমের কোনো জবাবদিহি নেই। নিজেদের সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান দাবি করে এ বিষয়টির পূর্ণ সুযোগ নিচ্ছে ডব্লুআইসিবি। সাবেক ক্রিকেটাররা ভারতীয় বোর্ডের দিকে ইঙ্গিত করে বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডকেও যদি আদালতের নির্দেশে পুনর্গঠনের মধ্যে যেতে হয়, তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পার পাবে কেন!
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, শুধু বোর্ডের কাঠামো পরিবর্তিত হলে এবং বোর্ডের নেতৃত্ব ও যোগাযোগে উল্লেখজনক পরিবর্তন এলেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আবারও পুনর্জাগরণ আসবে।’
ক্রিকেট বোর্ড নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা আগেও নানাভাবেই জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। তবে এভাবে দলবেঁধে মাঠে নামাটা এবারই প্রথম। এ ব্যাপারে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন তাঁরা, ‘আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। শুধু “অকর্মা” বোর্ডের কারণে নিজেদের অনেক কষ্টে অর্জিত গৌরবকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখতে পারি না।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে পুনর্জীবিত করার জন্য চারটি প্রস্তাবও দিয়েছেন এই কিংবদন্তিরা। এই প্রস্তাবগুলোকে বলছেন নিজেদের ‘উইশ লিস্ট’—
* ডব্লুআইসিবির সব পরিচালককে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তী একটি বোর্ড বানাতে হবে। বোর্ডের নতুন কাঠামো সৃষ্টি করতে হবে।
* ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করতে সব স্পনসরকে সুশাসনের আওতায় আনতে হবে।
* আইসিসিকে বুঝতে হবে, বর্তমান বোর্ডের অযোগ্য নেতৃত্ব ও অব্যবস্থাপনা খেলাটির জন্য ক্ষতিকর।
* বোর্ডের বিভিন্ন কার্যকলাপ নিরীক্ষার জন্য ক্যারিবিয়ান কমিউনিটি (ক্যারিকম) কর্তৃক একজন নিরপেক্ষ নিরীক্ষক নিয়োগ করতে হবে। সূত্র: ক্রিকইনফো।